
অনলাইনে না থাকলেও যাবে মেসেজ! হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
ইন্টারনেট সংযোগ না থাকলেও নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের কাছে পৌঁছে যাবে বার্তা—জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হতে যাচ্ছে এমনই একটি নতুন সুবিধা। ‘মেসেজ শিডিউলিং’ নামের এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা আগে থেকেই নির্দিষ্ট তারিখ ও সময় ঠিক করে বার্তা, ছবি কিংবা ভিডিও পাঠানোর ব্যবস্থা করতে পারবেন। ফলে জন্মদিনে ঠিক রাত ১২টায় শুভেচ্ছা জানানো কিংবা জরুরি তথ্য সময়মতো পৌঁছে দিতে আর নির্দিষ্ট মুহূর্তে অনলাইনে থাকার প্রয়োজন হবে না।
প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা সংস্করণ ২.২৬.৪০.৭-এ নতুন ফিচারটি পরীক্ষা করা হচ্ছে। ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা সংশ্লিষ্ট চ্যাটে গিয়ে বার্তা লেখার পর সেন্ড বাটন কিছুক্ষণ চেপে ধরলে একটি পপ-আপ উইন্ডো দেখতে পাবেন। সেখান থেকে বার্তা পাঠানোর পছন্দের তারিখ ও সময় নির্ধারণ করা যাবে।
শুধু লিখিত বার্তাই নয়, নির্ধারিত সময়ে ছবি, ভিডিও ও লিংক পাঠানোর জন্যও শিডিউল করা যাবে। ছবি বা ভিডিও পাঠানোর আগে তাতে ফিল্টার, ক্যাপশন কিংবা ড্রয়িং যুক্ত করার সুবিধাও থাকবে। এতে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী বার্তা প্রস্তুত করে রাখতে পারবেন এবং নির্ধারিত সময়ে তা পাঠানোর দায়িত্ব ছেড়ে দিতে পারবেন অ্যাপের ওপর।
নতুন ফিচারের মাধ্যমে অন্তত ১০ মিনিট পর থেকে শুরু করে পরবর্তী ১৪ দিনের মধ্যে যেকোনো সময়ের জন্য বার্তা শিডিউল করা যাবে বলে জানা গেছে। নির্ধারিত সময় আসার আগপর্যন্ত ব্যবহারকারীরা চাইলে শিডিউল করা বার্তা সম্পাদনা বা মুছেও ফেলতে পারবেন। ফলে পরিকল্পনায় পরিবর্তন এলে পুরো বার্তাটি নতুন করে তৈরি করার ঝামেলা থাকবে না।
ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপেও ব্যবহার করা যাবে এই সুবিধা। গ্রুপে জরুরি ঘোষণা, গুরুত্বপূর্ণ তথ্য কিংবা নির্দিষ্ট সময়ে জানানো প্রয়োজন—এমন বার্তা আগেই লিখে শিডিউল করে রাখা যাবে। এতে ব্যস্ততার কারণে গুরুত্বপূর্ণ বার্তা পাঠাতে ভুলে যাওয়ার আশঙ্কা কমবে, পাশাপাশি যোগাযোগের কাজও হবে আরও সহজ ও পরিকল্পিত।
ফিচারটির উল্লেখযোগ্য দিক হলো, নির্ধারিত সময়ে ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও কিংবা হোয়াটসঅ্যাপ অ্যাপ খোলা না থাকলেও বার্তা স্বয়ংক্রিয়ভাবে পাঠানোর ব্যবস্থা থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ইন্টারনেট সংযোগ ছাড়াই বার্তা পাঠানোর বিষয়টি প্রযুক্তিগতভাবে কীভাবে কাজ করবে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয়।
ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। শিডিউল করা বার্তাগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে বলে জানা গেছে। ফলে নতুন সুবিধা চালু হলেও বার্তা আদান-প্রদানের ক্ষেত্রে বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা বজায় রাখার পরিকল্পনা রয়েছে প্ল্যাটফর্মটির।
বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। হোয়াটসঅ্যাপের নির্দিষ্টসংখ্যক বিটা ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে এটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন। পরীক্ষা শেষ করে কবে নাগাদ ফিচারটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্রতিষ্ঠানটি।
