কালবেলা · আন্তর্জাতিক
নেতানিয়াহুর সঙ্গে গোপন সফরে বৈঠক হেগসেথের, জানাল অ্যাক্সিওস
২০/১০/২০২৬

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অঘোষিত সফরে ইসরায়েল গিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। সোমবারের এই বৈঠকের খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। এ বিষয়ে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি খবর প্রকাশ করেছে।
তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে বৈঠকের খবর নিশ্চিত করতে পারেনি। হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করতে সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় গিয়েছিলেন। এই কমান্ডের দায়িত্বের মধ্যে পশ্চিম এশিয়া, উত্তর-পূর্ব আফ্রিকা ও এশিয়ার কয়েকটি অঞ্চল রয়েছে।
এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি পেন্টাগন। ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসও রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি।
আগামী সপ্তাহে ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে হেগসেথের সফরের খবর এলো। এর এক দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানান। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এটিই ইসরায়েলের প্রথম নির্বাচন। ওই হামলার পর ইসরায়েল গাজা, লেবানন ও ইরানে যুদ্ধে জড়িয়ে পড়ে, যা পুরো পশ্চিম এশিয়ায় অস্থিরতা বাড়ায়।
জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে, নেতানিয়াহুর ধর্মীয় ও জাতীয়তাবাদী জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। তবে বিরোধী দলগুলোর পক্ষেও সরকার গঠন করা কঠিন হতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স সোমবার এক সাক্ষাৎকারে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানাতে অস্বীকৃতি জানান। ডিজিটাল সংবাদমাধ্যম টু-ওয়ে-কে তিনি বলেন, তিনি ইসরায়েলের নির্বাচনে জড়াতে চান না। তার মনোযোগ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিকে।
ভ্যান্স বলেন, তিনি নেতানিয়াহুর বিরোধিতাও করছেন না, আবার সমর্থনও জানাচ্ছেন না। এর আগে চলতি বছর হাঙ্গেরির নির্বাচনে তিনি দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের প্রতি সমর্থন জানিয়েছিলেন।
সূত্র: রয়টার্স
মূল প্রতিবেদনে যান ↗