কুমিল্লা মহানগর জামায়াতের আমির নির্বাচনকে ঘিরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বর্তমান সেক্রেটারি জেনারেল মু. মাহবুবর রহমানের গাড়ি ভাঙচুর করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যার পর মহানগর জামায়াতের কার্যালয় নগরীর মোগলটুলি ফারুকী হাউস এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মহানগর জামায়াতের সভা চলাকালীন সময়ে সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ককটেলের বিস্ফোরণ ঘটনা হয় বলেও জানা গেছে।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থান নিয়েছে। পুলিশ বলেছে, এসময় এলাকাবাসী বিকট শব্দের কথা বলেছে। তবে তা ককটেল বিস্ফোরণ না পটকার শব্দ তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, মহানগর জামায়াতের বর্তমান আমির কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমির মোসলেহ উদ্দিন আহমেদ এবং এমদাদুল হক মামুনকে বিভাগীয় দায়িত্ব প্রদানের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটিতে সংযুক্ত করা হয়েছে।
এরপর থেকেই মহানগর জামায়াতের নতুন কমিটি গঠন নিয়ে কয়েক দিন ধরে শীর্ষ নেতাদের মধ্যে মতবিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে কমিটি গঠন নিয়ে বৈঠক চলাকালে সেই বিরোধ উত্তেজনায় রুপ নেয়।
বর্তমান সেক্রেটারি মাহবুবুর রহমান নতুন কমিটিতে আমির হতে পারেন, এমন গুঞ্জনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
অভিযোগ উঠেছে, মাহবুবুর রহমানের বিরোধী পক্ষের কয়েকজন কার্যালয়ের সামনে তার গাড়ি ভাঙচুর করেন।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেক্রেটারি মাহবুবুর রহমান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করেন। সহসাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দাওয়াহ ও তথ্য সম্পাদক হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরসহ উত্তেজনাকর পরিস্থিতি তৈরির অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জানতে সহসাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
দলীয় সূত্রের দাবি, বুধবার রাতেই নতুন কমিটি গঠনের ভোট গ্রহণের সম্ভাবনা ছিল। এ নিয়ে চলমান বৈঠকে সেক্রেটারি মাহবুবুর রহমান তার অনুসারীদের আমন্ত্রণ জানিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে তার বিরোধী পক্ষের কয়েকজন কার্যালয়ে প্রবেশ করে গাড়ি ভাঙচুর করে।
কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন বলেন, ‘এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা মিডিয়ায় ব্রিফিং দেব। আমাদের মিটিং চলছে।’
এ বিষয়ে জানতে সেক্রেটারি মাহবুবুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
তবে সৃষ্ট ঘটনা নিয়ে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামী মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ ফেসবুক বার্তায় বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সাংগঠনিক বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে। এসব সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃত ঘটনা হচ্ছে ১৪ অক্টোবর বুধবার রাত ৭ টার দিকে কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামী কার্যালয়ে পূর্ব নির্ধারিত একটি সভা চলছিল। এরই মধ্যে কিছু যুবক প্রোগ্রামে ঢুকে হইচই করে। এ সময় তারা শোর চিৎকার করে চলে যাওয়ার সময় আমাদের একটি গাড়ি ভাঙচুর করে। আমরা ঘটনা তদন্ত করে দেখতেছি। এর পেছনে কারা জড়িত কেন তারা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালো এসবের বিস্তারিত জেনে আমরা পুনরায় সংবাদ মাধ্যমকে অবহিত করব।
কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনাটি আমি শুনেছি। সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠিয়েছি। এই মুহূর্তে পুলিশ মোতায়েন রয়েছে। ভেতরে জামায়াতের শীর্ষ নেতারা আছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
