আন্তর্জাতিক মানের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘আরটিভি জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২৭’-এর ঢাকা অডিশন সম্পন্ন হয়েছে। শনিবার রাজধানীর মগবাজার রেলগেট এলাকার শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদে এই অডিশন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে পাঁচ শতাধিক হাফেজে কুরআন অংশ নেন। এর মধ্যে বিচারকদের কঠোর মূল্যায়নে ৭০ জন প্রতিযোগী পরবর্তী রাউন্ডে অংশগ্রহণের জন্য ‘ইয়েস কার্ড’ অর্জন করেন।
বিজ্ঞাপন
‘আরটিভি জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন’ (পাওয়ার্ড বাই আরএফএল পাইপস অ্যান্ড ফিটিংস) শীর্ষক এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হিফজ, তাজবীদ, কিরাআত, লাহন ও উপস্থাপনার দক্ষতা মূল্যায়ন করা হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, সম্পূর্ণ স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে প্রতিযোগীদের বাছাই করা হয়েছে।
ঢাকা অডিশনে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা লুৎফর রহমান, মাওলানা সাদিকুর রহমান আজহারী ও ক্বারী এ কে এম ফিরোজ। এ ছাড়া দেশের স্বনামধন্য হাফেজ, ক্বারী ও আলেমদের সমন্বয়ে গঠিত ১৫ সদস্যের একটি বিচারকমণ্ডলী প্রতিযোগীদের সুচারুভাবে মূল্যায়ন করেন।
আয়োজকেরা জানান, সারা দেশে চলমান অডিশনের ধারাবাহিকতায় নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে খুব দ্রুতই পরবর্তী রাউন্ড অনুষ্ঠিত হবে। টানা ১৬ বছরের সফল আয়োজনের পর এবার প্রতিযোগিতাটির ১৭তম আসর অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে দেশের মেধাবী হাফেজদের মধ্য থেকে যোগ্য ও প্রতিভাবানদের জাতীয় পর্যায়ে তুলে ধরা হচ্ছে।
ঢাকা অডিশন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদান করে শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদ কমিটি। প্রতিযোগী, বিচারক ও অতিথিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা ও আতিথেয়তা নিশ্চিত করার পাশাপাশি পুরো আয়োজন সফল করতে কমিটির সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
উল্লেখ্য, কুরআন সুন্নাহ মাল্টিমিডিয়া ও আরটিভির যৌথ উদ্যোগে আয়োজিত ‘জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন’ দেশের হিফজুল কুরআনভিত্তিক প্রতিযোগিতার অন্যতম শীর্ষস্থানীয় আয়োজন। ১৭তম আসরের এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের তরুণ হাফেজদের কুরআন তিলাওয়াত ও হিফজের দক্ষতা প্রদর্শনের অনন্য সুযোগ তৈরি হয়েছে।
