দিলীপ আগরওয়ালা গ্রেফতার • পুরো জুয়েলারি খাতকে দায়ী না করার আহ্বান বাজুসের
ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতারের ঘটনায় পুরো জুয়েলারি খাতকে নেতিবাচক প্রচারণার আওতায় না আনার আহ্বান জানিয়েছে বাজুস। সংগঠনটি বলেছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের কারণে দেশের সম্ভাবনাময় জুয়েলারি শিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ন করা সমীচীন নয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাজুসের প্রেসিডেন্ট এনামুল হক খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন
এতে বলা হয়েছে, গত সোমবার দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতারের বিষয়টি বাজুসের দৃষ্টিগোচর হয়েছে। সংগঠনটি সব সময় অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে এবং কোনো অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না। তবে দিলীপ কুমার আগরওয়ালাকে ঘিরে সংবাদ প্রচারের ক্ষেত্রে দেশের সামগ্রিক জুয়েলারি খাতের ভাবমূর্তি রক্ষায় সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছে সংগঠনটি।
বাজুসের তথ্য মতে, দেশের অর্থনীতি, রাজস্ব আহরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে জুয়েলারি খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতে প্রায় ৪০ হাজার ব্যবসায়ী এবং ২৮ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত।
বিজ্ঞাপন
এতে আরও বলা হয়েছে, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর জুয়েলারি খাতকে সুশৃঙ্খল, আধুনিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। স্বর্ণ নীতিমালা-২০১৮ (সংশোধিত ২০২১) আধুনিকায়ন, সংশোধন ও সংযোজনের লক্ষ্যে গত আট মাস ধরে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বাজুস।
সংগঠনটির আশঙ্কা, জুয়েলারি খাতের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হলে বৈধ ব্যবসা সংকুচিত হওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব আহরণের উদ্যোগও ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান ও জীবিকা হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে দেশীয় বাজারের একটি অংশ বিদেশমুখী হয়ে পড়তে পারে, যা বৈধ পথে অর্থ দেশের বাইরে চলে যাওয়ার পরিস্থিতি তৈরি করতে পারে।
বাজুস মনে করে, কোনো ঘটনা বা অভিযোগের কারণে সম্ভাবনাময় এ শিল্পের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হওয়া উচিত নয়। এ ক্ষেত্রে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, কর্মী ও তাদের পরিবারের জীবিকার বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
বিজ্ঞাপন
বাজুস বলছে, ডায়মন্ড ওয়ার্ল্ড একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, যার সঙ্গে বহু মানুষের কর্মসংস্থান ও জীবিকা জড়িত। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের কারণে প্রতিষ্ঠানের নিরপরাধ কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের যেন অযথা ক্ষতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
বাজুসের প্রত্যাশা, আইনের শাসন, ন্যায়বিচার, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতার মাধ্যমে দেশের জুয়েলারি খাতের ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত থাকবে। দেশের স্বর্ণ ও ডায়মন্ড শিল্পের বিকাশ, বৈধ ব্যবসার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় রাজস্ব বৃদ্ধির স্বার্থে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেছে সংগঠনটি।
এমএএস/এমএমকে
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
