স্ত্রী ইকরাকে হারানোর শোক বুকে নিয়েই জীবনের পথে এগিয়ে চলেছেন অভিনেতা জাহের আলভী। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন তিনি। ফিরেছেন অভিনয় ও শুটিংয়েও। তবে তাঁর স্বাভাবিক জীবনযাপন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও সমালোচনার মুখে পড়তে হচ্ছে এই অভিনেতাকে।
এরই মধ্যে প্রয়াত স্ত্রী ইকরার জন্মদিনে আবেগঘন এক পোস্ট দিয়েছেন আলভী। সেখানে নিজের কষ্ট, অভিমান ও অনুশোচনার কথা তুলে ধরার পাশাপাশি স্ত্রীর কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
ইকরার সঙ্গে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করে আলভী লিখেছেন, একজন মৃত মানুষের মূল্য অনেক জীবিত মানুষের চেয়েও বেশি। ইকরা বেঁচে থাকলে হয়তো এই সময়ে তাঁদের সন্তানকে নিয়ে তিনজনে মিলে কেক কেটে জন্মদিন উদ্যাপন করতেন। কিন্তু বাস্তবতা এখন ভিন্ন। প্রিয় মানুষটি আজ শুধুই স্মৃতি।
স্ত্রীকে হারানোর পর নিজের জীবনযাপন নিয়ে ওঠা নানা প্রশ্নের কথাও পোস্টে তুলে ধরেছেন অভিনেতা। কেন তিনি এখনো হাসেন, গান শোনেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেন কিংবা শুটিংয়ে অংশ নেন—এমন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। তবে জীবনের বাস্তবতা মেনে নিয়ে নিজের ও সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি।
আলভীর লেখায় বিশেষভাবে উঠে এসেছে ছেলে রিযিকের ভবিষ্যৎ নিয়ে তাঁর দায়িত্ববোধ। সন্তানকে সুন্দর জীবন দেওয়ার পাশাপাশি পরিবার সামলে নেওয়ার চেষ্টা করছেন তিনি। এই পরিস্থিতিতে তাঁর কোনো আচরণে ইকরা কষ্ট পেয়ে থাকলে তাঁকে ক্ষমা করে দেওয়ার আকুতিও জানিয়েছেন অভিনেতা।
প্রয়াত স্ত্রীর প্রতি ভালোবাসা ও অভিমানের কথাও প্রকাশ করেছেন আলভী। তিনি জানিয়েছেন, নামাজের বিছানায় মোনাজাতের সময়ও ইকরা তাঁর ভাবনায় থাকেন। স্ত্রীর প্রতি অভিমান থাকলেও মনে কোনো ক্লেশ নেই তাঁর। আবার দেখা হওয়ার প্রত্যাশায় বাকি আড্ডা ও অভিমানগুলো সেই দিনের জন্য জমিয়ে রেখেছেন তিনি। একই সঙ্গে তাঁদের সন্তান রিযিককে দেখে রাখার আকুতিও জানিয়েছেন প্রয়াত স্ত্রীর প্রতি।
উল্লেখ্য, ইকরার মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় জাহের আলভীকে এক নম্বর আসামি করা হয়েছিল। কারাভোগের পর বর্তমানে জামিনে রয়েছেন এই অভিনেতা।
ইকরার জন্মদিনে আলভীর এই পোস্টে উঠে এসেছে প্রিয়জনকে হারানোর বেদনা, অনুশোচনা, অভিমান এবং সন্তানকে ঘিরে নতুন করে জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা।
The post ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী appeared first on ভোরের চেতনা.
