কালবেলা · সাধারণ
দিনাজপুরে সেতু পাহারাদারের ভাইকে ছুরিকাঘাতে হত্যা
২২/১০/২০২৬

দিনাজপুর শহরের সিপাহিপাড়ায় নবনির্মিত সেতুতে চুরি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে টিটু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে সেতুটিতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
নিহত টিটু শহরের লাইনপাড়ার মৃত সিদ্দিকের ছেলে। তিনি সেতুর পাহারাদার বিপ্লবের ছোট ভাই।
নিহতের বড় ভাই বিপ্লব জানান, তিনি সেতু পাহারার দায়িত্বে ছিলেন। রাতের খাবার ও নাশতা খাওয়ার জন্য বাড়িতে যাওয়ার সময় ছোট ভাই টিটুকে কিছুক্ষণের জন্য পাহারার দায়িত্ব দেন। এ সময় একই এলাকার রাজুর ছেলে রিজন (২৬) সেতুর গাড়ির ব্যাটারি ও সড়কের রোড কাটার সরঞ্জাম চুরি করতে এলে টিটু ‘চোর চোর’ বলে চিৎকার করেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে রিজন ধারালো অস্ত্র দিয়ে টিটুর পেট ও ঊরুতে আঘাত করে পালিয়ে যান।
টিটুর চিৎকার শুনে তার ভাই বিপ্লব, পরিবারের অন্য সদস্য, স্থানীয় বাসিন্দা বাবু ও কালুসহ আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় রিজনের বাবা রাজুও ঘটনাস্থলে আসেন। পরে সবাই মিলে টিটুকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে রিজনের বাবা রাজু কালবেলাকে বলেন, নিহত টিটু আমার আত্মীয়। আমার ছেলে যে অপরাধ করেছে, আমি তার আইন অনুযায়ী শাস্তি চাই। সে মাদকসেবন করে। তাকে আমি নিয়ন্ত্রণে রাখতে পারি না।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রিজন মাদকসেবনের পাশাপাশি চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িত। এছাড়া চাঁদা না দিলে মারধরের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মূল প্রতিবেদনে যান ↗