প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে সমতা প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করতে অভিন্ন পোশাক ও দুপুরের খাবারের ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর হাতিরঝিলে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষার প্রসারে বর্তমানে দেশে ৪৭টি বিয়াম প্রতিষ্ঠান কাজ করছে। পর্যায়ক্রমে এসব প্রতিষ্ঠান জেলা ও উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করা হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষাব্যবস্থায় উদ্ভাবনী পদ্ধতির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নারীশিক্ষার অগ্রগতি প্রসঙ্গে আব্দুল বারী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী পদক্ষেপ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রবর্তিত অবৈতনিক নারীশিক্ষা ও উপবৃত্তি কর্মসূচির ফলে প্রশাসন, চিকিৎসা ও প্রকৌশলসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছেন।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বর্তমান গণতান্ত্রিক সরকার আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে কাজ করছে।
তার দাবি, আট মাসে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, সরকারি বেতন-ভাতা প্রায় দ্বিগুণ করা এবং রেমিট্যান্স ও রপ্তানি বৃদ্ধি পেয়েছে। কর্মমুখী শিক্ষার মাধ্যমে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করার উদ্যোগও নেয়া হয়েছে বলে জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সুন্দর ভবিষ্যৎ গড়তে সময়ের সদ্ব্যবহার করে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। পাশাপাশি মোবাইল ফোনের ব্যবহার কমানো, সন্ধ্যার পর একা বাইরে না থাকা, মাদক থেকে দূরে থাকা এবং সুবিধাবঞ্চিত মানুষের প্রতি মানবিক আচরণের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মো. আবদুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। এ ছাড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সাজ্জাদুর রহমান, শিক্ষক-শিক্ষার্থী এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
