নেত্রকোনার দুর্গাপুরে চাঞ্চল্যকর সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যা মামলায় গ্রেপ্তার আসামি সাজিবুল ইসলাম ওরফে অপূর্বর (২২) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে দুর্গাপুর চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আমিন ভূঁইয়া এ আদেশ দেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, মামলার তদন্তের স্বার্থে গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার দুপুর ২টা থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত ২৪ ঘণ্টা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে দুর্গাপুর বাজারের পুরোনো সিনেমা হলের পাশ থেকে অপূর্বকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন রোববার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। ওই দিন আদালত রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির। তিনি সাবেক সেনা সদস্য এবং ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজের কর্ণধার ছিলেন। ময়নাতদন্তে তাঁর শরীরে ছয়টি গুলির ক্ষত পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতনামা সাত থেকে আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার অপূর্ব এর আগে একটি পুলিশ হত্যা মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়া আসামিদের একজন ছিলেন। সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে কাজ করছে।
