সাফের জন্য প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশের
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পিএম
রোনান সুলিভান। ছবি: সংগৃহীত
-->সামনের মাসে ঢাকায় পর্দা উঠবে সাফ চ্যাম্পিয়নশিপের। আরও নির্দিষ্ট করে বললে, আগামী ৫ নভেম্বর। চলবে ১৭ তারিখ পর্যন্ত। টুর্নামেন্টকে সামনে রেখে আজ (২৪ অক্টোবর) ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
প্রাথমিক দলে ডাক পড়েছে রোনান সুলিভান ও মাহি খানের। এখনও বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়নি তাদের। দুজনেরই বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। মাহি এখন খেলছেন ইংল্যান্ডের নবম স্তরে, মলটন এফসির হয়ে। রোনান যুক্তরাষ্ট্রের সেন্ট জোসেফস হকসের হয়ে কলেজ ফুটবলে খেলছেন, যিনি গত এপ্রিলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ পারফরম্যান্স করে কোচ টমাস ডুলির চোখে পড়েছেন।
বাংলাদেশের প্রাথমিক দল
আরও পড়ুন
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান।
ডিফেন্ডার: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তারিক কাজী ও জায়ান আহমেদ।
মিডফিল্ডার: মো. সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত শোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া ও শেখ মোরসালিন।
ফরোয়ার্ড: ফারহান আলী, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, ফাহামিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, মিনহাজুল করিম, রোনান সুলিভান, মাহি খান ও শুখি ইতোফুসা।
অনিক/
আরও পড়ুন
টি-টোয়েন্টিতে ৩০০ ম্যাচ, ভারতের সামনে শুধু পাকিস্তান
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পিএম
ছবি: সংগৃহীত
-->আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছে ভারত। পাকিস্তানের পর বিশ্বের দ্বিতীয় দল হিসেবে এই কীর্তি গড়েছে তারা। আজ (২৪ অক্টোবর) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে এই মাইলফলক স্পর্শ করে ভারত।
এর আগে এই কীর্তি গড়েছিল পাকিস্তান। এখন পর্যন্ত ৩০৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছে তারা। ভারতের পর এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। কিউইরা খেলেছে ২৬৯টি ম্যাচ। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ ২৬০টি এবং শ্রীলঙ্কা ২৪৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছে।
জয়ের হিসাবে পাকিস্তানের চেয়ে এগিয়ে ভারত। ৩০০ ম্যাচের মধ্যে ভারত জিতেছে ১৯৯টিতে, হেরেছে ৮৩টিতে। সাতটি ম্যাচ টাই হয়েছে এবং ১০টি ম্যাচের ফল আসেনি। অন্যদিকে, ৩০৪ ম্যাচ খেলে পাকিস্তানের জয় ১৭৬টি। হার ১১৬ ম্যাচে। চারটি ম্যাচ টাই হয়েছে, আর আটটি ম্যাচে কোনো ফল হয়নি।
আরও পড়ুন
সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা দল
- পাকিস্তান— ৩০৪ ম্যাচ
- ভারত— ৩০০ ম্যাচ
- নিউজিল্যান্ড— ২৬৯ ম্যাচ
- ওয়েস্ট ইন্ডিজ— ২৬০ ম্যাচ
- শ্রীলঙ্কা— ২৪৩ ম্যাচ
অনিক/
আরও পড়ুন
মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন কোচ পোলার্ড
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম
ছবি: সংগৃহীত
-->দীর্ঘ শিরোপা খরা কাটাতে এবার ঘরের ছেলেকেই দায়িত্ব দিল মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের নতুন কোচ হলেন কাইরন পোলার্ড। খেলোয়াড় হিসেবে মুম্বাইয়ের সাফল্যে বড় অবদান রাখা এই ক্যারিবীয় তারকার কাঁধেই এবার দলের ভাগ্য বদলানোর দায়িত্ব।
মহেলা জয়াবর্ধনের স্থলাভিষিক্ত হয়েছেন পোলার্ড। আইপিএল ২০২৬-এ দলের হতাশাজনক পারফরম্যান্সের পর কোচিংয়ে পরিবর্তনের সিদ্ধান্ত নেয় মুম্বাই। তবে বড় ধরনের রদবদলের পথে না হেঁটে পরিচিত মুখের ওপরই আস্থা রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে দুই মৌসুম দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন পোলার্ড।
২০২০ সালে সর্বশেষ আইপিএল শিরোপা জিতেছিল মুম্বাই। এরপর ছয় মৌসুম কেটে গেলেও আর ট্রফি জেতা হয়নি দলটির। ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে এটিই দীর্ঘতম শিরোপা খরা। সেই অপেক্ষার অবসান ঘটাতেই এবার নতুন দায়িত্বে পোলার্ড।
আরও পড়ুন
মুম্বাইয়ের সঙ্গে পোলার্ডের সম্পর্ক দীর্ঘদিনের। ২০১০ সালের আইপিএলের আগে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে নজরকাড়া পারফরম্যান্সের পর তাকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। এরপর খেলোয়াড় হিসেবে মুম্বাইয়ের পাঁচটি শিরোপা জয়ের অভিযানের সঙ্গে ছিলেন তিনি। অবসরের পরও কোচিং স্টাফের সদস্য হিসেবে ক্লাবটির সঙ্গে যুক্ত ছিলেন।
দল সম্পর্কে গভীর ধারণা এবং ক্রিকেটারদের সঙ্গে সুসম্পর্কই পোলার্ডকে এগিয়ে রেখেছে বলে মনে করা হচ্ছে। রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়ার মতো তারকা ক্রিকেটারদের সঙ্গেও তার ঘনিষ্ঠতা রয়েছে। নতুন দায়িত্বে এই সম্পর্কগুলো দলের জন্য কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়।
মুম্বাই ইন্ডিয়ান্সের সহ-মালিক নীতা আম্বানি পোলার্ডের ওপর আস্থা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘পলি ভালো করেই জানে, এমআইয়ের জার্সি পরার অর্থ কী। পল্টানের হয়ে খেলতে কতটা ত্যাগ স্বীকার করতে হয়, সেটিও তার জানা। আমার বিশ্বাস, নতুন দায়িত্বেও সে একই প্রতিশ্রুতি, বিশ্বাস ও সংকল্প নিয়ে কাজ করবে।’
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পোলার্ডও বলেন, ‘খেলোয়াড় এবং পরবর্তীতে কোচ হিসেবে এই পুরো যাত্রার সাক্ষী থাকার সুবাদে আমি বুঝতে পারি মুম্বাই ইন্ডিয়ান্স আসলে কিসের প্রতীক এবং 'ব্লু অ্যান্ড গোল্ড' জার্সির প্রতিনিধিত্ব করার সাথে কতটা বড় দায়িত্ব জড়িত।’
পাপ্পু/
আরও পড়ুন
মেসির নতুন অ্যাওয়ার্ড জয়
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০২:১৪ পিএম
আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
-->ফুটবল মাঠে অসামান্য কীর্তি। মাঠের বাইরেও মানবিক অবদান। দুইয়ের স্বীকৃতি হিসেবে স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ২০২৬ সালের এই পুরস্কার পাওয়ায় সাবেক অধিনায়ককে অভিনন্দন জানিয়েছে তার দীর্ঘদিনের ক্লাব এফসি বার্সেলোনা।
শুক্রবার (২৩ অক্টোবর) স্পেনের আস্তুরিয়াস প্রদেশের রাজধানী ওভিয়েদোয় জমকালো অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। স্প্যানিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্সেস লিওনোর তার হাতে সম্মাননার সনদ তুলে দেন। অনুষ্ঠানে আর্জেন্টিনার জার্সি পরা শত শত ভক্ত মেসিকে স্বাগত জানান। প্রিয় তারকার নাম ধরে স্লোগান দেন তারা।

আরও পড়ুন
মেসির দীর্ঘ ফুটবল ক্যারিয়ার ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা দেওয়া হয়েছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ তৈরিতে তার অবদানের প্রশংসা করেছে পুরস্কারের বিচারকমণ্ডলী।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রিন্সেস লিওনোর মেসির ফুটবলীয় দক্ষতার প্রশংসা করে বলেন, ‘তিনি গেম রিডিং এবং ভগ্নাংশের সেকেন্ডে সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে অসাধারণ বিষয়গুলোকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করেছিলেন। অহংকে পেছনে ফেলে দলের সমন্বিত স্পিরিটকে তিনি সবসময় ওপরে রেখেছেন।’
আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসির ক্যারিয়ারের বড় অংশজুড়ে রয়েছে বার্সেলোনা। ক্লাবটির হয়ে ২১ বছর খেলেছেন তিনি। জিতেছেন চারটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ১০টি লা লিগাসহ অসংখ্য শিরোপা। বার্সেলোনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও তিনি। ২০২১ সালে কাতালান ক্লাব ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে যোগ দেন মেসি। বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে।
মেসির এই অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অভিনন্দন জানিয়েছে বার্সেলোনা। বার্সেলোনা তাদের বার্তায় লিখেছে, ‘২০২৬ সালের প্রিন্সেস অফ আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস জয়ের জন্য লিওনেল মেসিকে অভিনন্দন। আপনার অসামান্য প্রতিভার উপযুক্ত স্বীকৃতি এটি, যা মাঠ এবং মাঠের বাইরে স্থায়ী প্রভাব ফেলেছে। অসাধারণ দক্ষতা, খেলাধুলার প্রতি আনুগত্য এবং সামাজিক সংহতির কারণে আপনি বিশ্ব ফুটবলের এক অনন্য বেঞ্চমার্কে পরিণত হয়েছেন।’
১৯৮১ সালে প্রতিষ্ঠিত প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার স্প্যানিশ ভাষাভাষী বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এ পুরস্কার দেওয়া হয়। এর আগে সেরেনা উইলিয়ামস, রাফায়েল নাদাল, এলিউড কিপচোগে ও লিন্ডসে ভনের মতো ক্রীড়াবিদও এই সম্মাননা পেয়েছেন।
পাপ্পু/
আরও পড়ুন
চোটের সমস্যা থাকলেও পুরোদমে খেলতে হবে লিভারপুলকে: ইরাওলা
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০১:২৮ পিএম
ছবি: সংগৃহীত
-->চোট-আঘাতে জর্জরিত দল। নেই কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও। তবু খেলার গতি কমাতে রাজি নন লিভারপুলের কোচ আনদোনি ইরাওলা। তার স্পষ্ট কথা, জয়ের জন্য মাঠে নিজেদের সর্বোচ্চটা দিতে হবে দলকে।
রবিবার (২৫ অক্টোবর) অ্যানফিল্ডে ব্রাইটনের মুখোমুখি হবে লিভারপুল। এই ম্যাচে ডমিনিক সোবোসলাই, জেরেমি ফ্রিমপং ও ভিক্টর মুনোজকে পাচ্ছে না দলটি। তবে চোটের অজুহাতে খেলার গতি কমাতে চান না ইরাওলা।
শুক্রবার (২৩ অক্টোবর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা যেভাবে খেলতে চাই, সেখানে ৭০ শতাংশ সামর্থ্য দিয়ে খেলা সম্ভব নয়।’
আরও পড়ুন
বিকল্প খেলোয়াড়ের অভাব থাকলেও নিজেদের পরিকল্পনা থেকে সরে আসবেন না বলে জানান এই কোচ। ইরাওলা বলেন, ‘শক্তি বাঁচিয়ে ৯২ মিনিট খেলার চেয়ে আমি চাই, খেলোয়াড়েরা ৬০, ৬৫, ৭০ বা ৭২ মিনিট নিজেদের সবটুকু দিক। এরপর অন্য কেউ এসে সেই দায়িত্ব নেবে। কারণ, আমাদের পুরোদমে খেলতে হবে।’
নিজেদের সামর্থ্য নিয়ে বলেন, ‘৭০ শতাংশ সামর্থ্য দিয়েও ম্যাচ জিততে পারলে ভালো লাগত। কিন্তু বাস্তবতা তা নয়। আমাদের নিজেদের সেরাটা দিতে হবে। কারণ, প্রতিপক্ষ দলগুলো অত্যন্ত শক্তিশালী।’
ব্রাইটনের শক্তিমত্তা নিয়েও সতর্ক ইরাওলা। লিগে দুর্দান্ত ছন্দে থাকা দলটির প্রশংসা করেছেন তিনি। সাত ম্যাচে ২৩ গোল করে ব্রাইটন তখন লিগের সর্বোচ্চ গোলদাতা দল। পয়েন্ট তালিকায়ও রয়েছে তৃতীয় স্থানে।
ইরাওলার ভাষায়, ‘আমার মনে হচ্ছে, তারা অবিশ্বাস্য ফুটবল খেলছে। তারা যে প্রশংসা পাচ্ছে, তার পুরোপুরি যোগ্য। দলটি দারুণভাবে প্রশিক্ষিত।’
পাপ্পু/
