দক্ষিণ কোরিয়ার স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ, যোগ্য ও প্রশিক্ষিত জনশক্তি তৈরিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।
মঙ্গলবার (২০ অক্টোবর) সিউলে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যাসোসিয়েশন অব কোরিয়া (এনইএসএ) এবং কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন অব কোরিয়ার (সিএকে) প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী এনইএসএ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে দক্ষিণ কোরিয়া সরকারের এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় বাংলাদেশি কর্মীদের জন্য কাজের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি নিয়মিত কর্মসংস্থানের পাশাপাশি মৌসুমি কর্মসংস্থান, কারিগরি দক্ষতা উন্নয়ন, কোরীয় ভাষা শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মতো নতুন ক্ষেত্রগুলোতে যৌথ সহযোগিতার আহ্বান জানান।
শিল্প ও মানবসম্পদ উন্নয়নে দক্ষিণ কোরিয়ার অসামান্য সাফল্যের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, কোরিয়ার স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ, যোগ্য ও প্রশিক্ষিত জনশক্তি তৈরিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত।
সভায় এনইএসএর পক্ষ থেকে কোরীয় ভাষা শিক্ষা, পেশাভিত্তিক প্রশিক্ষণ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতায় বাংলাদেশি কর্মীদের অবদান ও সম্ভাবনার বিষয়টি তুলে ধরা হয়।
কর্মীদের বিদেশে গমনের আগে কোরীয় ভাষার ব্যবহারিক দক্ষতা ও কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়, যাতে কর্মীরা কোরিয়ার কাজের পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারেন।
এনআই/এসএএস
