প্রকল্পের শুরুতে ৫০টি বাড়িতে সুপেয় পানি সরবরাহের করার কথা ছিল। পরবর্তী সময়ে ৩৩০টি বাড়ি বেড়ে দাঁড়ায় ৩৮০টিতে। তবে প্রকল্পের ব্যয় বরাদ্দ বাড়েনি। ফলে পুরো কাজ বাস্তবায়নে ঠিকাদার গড়িমসি করছেন বলে অভিযোগ উঠেছে। নির্ধারিত সময় পার হয়ে গেলেও নিরাপদ পানি পাচ্ছেন না উপকারভোগীরা। প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। এই ঘটনা দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের চরমাদার গ্রামের।
জানা গেছে, চরমাদার গ্রামের ৫০টি বাড়িতে সুপেয় পানি সরবরাহের জন্য ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’ নেয় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ব্যয় ধরা হয় ২ কোটি ৬০ লাখ টাকা। প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা ছিল ২০২২ সালের ২৮ এপ্রিল। দেড় বছর মেয়াদি এ প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ২০২৪ সালে। কিন্তু জমি অধিগ্রহণ জটিলতায় প্রকল্পটির কাজ শুরু করতে পাঁচ মাস দেরি করে বিএম ট্রেড নামে ঢাকার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার উত্তরে চরআমখাওয়ার চরমাদার গ্রামে। চরমাদার সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে বসানো হয়েছে ওভারহেড ট্যাংক বা উচ্চ জলাধার। দেখা যায়, উচ্চ জলাধার থেকে চারপাশের ৩৮০টি বাড়িতে পানি সরবরাহের জন্য পাইপ সংযোগ ও প্লাটফর্ম স্থাপন সম্পন্ন হয়েছে। অসমাপ্ত রয়েছে মটর বা পাম্প বসানোসহ কারিগরি কাজ। ভুক্তভোগীরা জানায়, প্রকল্পটি চালু হলে আয়রণমুক্ত নিরাপদ পানি পাবে তারা । প্রকল্পটি বাস্তবায়িত হলে উপকারভোগীদের নিয়ে স্থানীয়ভাবে কমিটি করা হবে। এই কমিটির অধীনে পরিচালিত হবে প্রকল্পটি।
অভিযোগ রয়েছে, প্রকল্পটির চুক্তি মোতাবেক ওই এলাকার ৫০টি বাড়িতে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করার কথা। কিন্তু চাহিদা অনুযায়ী ৩৩০টি বাড়ি বৃদ্ধি করে ৩৮০টি বাড়িতে পানি সরবরাহের জন্য সংযোগ দেওয়া হয়। এতে ব্যয় বেড়ে গেলেও বাড়তি ৩৩০ বাড়িতে সংযোগ স্থাপন বাবদ প্রকল্পের ব্যয় বরাদ্দ সমন্বয় করা হয়নি। সে কারণে প্রকল্পের ৭০ শতাংশ কাজ বাস্তবায়ন করে ৩০ শতাংশ কাজ ফেলে রেখেছেন ঠিকাদার।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রকল্পটির বাকি ৩০ শতাংশের কাজ সমাপ্ত করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে তাগাদা দিয়ে ইতোমধ্যে চার থেকে পাঁচটি চিঠি দেওয়া হয়েছে। সর্বশেষ দেওয়া হয়েছে চলতি বছরের ৬ অক্টোবর। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান তা আমলে নিচ্ছে না। প্রকল্পের অতিরিক্ত কাজের ব্যয় বরাদ্দ সমন্বয় না করলে ঠিকাদারী প্রতিষ্ঠান অসমাপ্ত কাজ করবে না বলে অভিযোগ উঠেছে।
চরমাদার গ্রামের উপকারভোগী আক্কাস আলী বলেন, ‘পানির লাইনের কাজ মেলা দিন থেকে বন্ধ হইছে। কাজ বাকি আছে কিন্তু করছে না। চালু হলে আমরা নিরাপদ পানি পাইতাম। রোগবালাই হইতো না। আমাগোর দাবি, পানির লাইনডা যেন তাড়াতাড়ি হয়।’
উপকারভোগী বীর মুক্তিযোদ্ধা গাজি মো. শাসছুল হক জানান, এলাকায় একটা পানির ট্যাংক স্থাপন করা হয়েছে। কিন্তু অদ্যাবধি তা চালু হচ্ছে না। পানির লাইন চালু হলে গ্রামবাসী আয়রণমুক্ত নিরাপদ পানি পেত। বাকি কাজ দ্রুত শেষ করার অনুরোধ জানান তিনি।
উপকারভোগী নুর নাহারের ভাষ্য, গিরামে (গ্রামে) পানির লাইন হইল কিন্তু আমরা সুবিধা পাইলাম না। আমাগো কলের পানিতে আয়রণ আছে। পানির লাইন চালু হইলে আমরা আয়রণমুক্ত পানি পাইতাম। আমরা ফ্রেশ পানির জন্য লাইন নিছি। কিন্তু তিন বছর পার হইলেও আমরা আয়রণমুক্ত পানি পাইলাম না।
ঠিকাদারী প্রতিষ্ঠান বিএম ট্রেডের প্রকৌশলী শহিদ মিয়া জানান, তাদের ঠিকাদারী প্রতিষ্ঠান অন্য একটি প্রকল্পের কাজে ব্যস্ত ছিল। এখন সে কাজটি সম্পন্ন হয়েছে। ওই প্রকল্পটির অসমাপ্ত কাজ চলতি মাসেই শুরু করা হবে।
ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বাবলু মিয়া বলেন, ‘তারা ওই প্রকল্পে অতিরিক্ত কাজ করেছেন। ৫০টির পরিবর্তে চাহিদা অনুযায়ী ৩৮০টি পরিবারে পানি সরবরাহের সংযোগ দিয়েছেন। এ জন্য রিভাইজ বাজেট করা হয়েছে। বাজেটটি নির্বাহী প্রকৌশলীর অফিস থেকে পাস হয়েছে। এখন সেটি প্রকল্প পরিচালকের অফিসে রয়েছে। সেখান থেকে বাজেটটি অনুমোদিত হবে। তবে তারা বলেছে, কাজ শেষ করতে বাড়তি কাজের ব্যয় সমন্বয় করবেন। আশা করা যাচ্ছে, দুই সপ্তাহের মধ্যে কাজ শুরু করা হবে।’
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাজেদুর রহমানের ভাষ্য, অতিরিক্ত কাজের জন্য রিভাইজ বাজেট করা হয়েছে। তাতে ব্যয় বাড়ানো হয়েছে ১৮ লাখ টাকা। বাজেটটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান প্রকল্পের অসমাপ্ত কাজ খুব শিগগির শুরু করবে বলে জানা গেছে।
