
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা বেড়েছে। তবে নারী ও শিশু নির্যাতন, দস্যুতা ও অস্ত্র আইনে মামলা কমেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে জেলার ১৮টি থানায় মোট ৬৯১টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে খুনের ১৬টি, নারী ও শিশু নির্যাতনের ৩৪টি, চুরির ৪৪টি, ডাকাতি, দস্যুতা ও দাঙ্গার ৯টি, অস্ত্র আইনে চারটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০৫টি মামলা রয়েছে। এ ছাড়া অন্যান্য আইনে ২৪৯টি মামলা হয়েছে। এ সময় জেলার বিভিন্ন স্থান থেকে দুটি বিদেশি পিস্তল, একটি কাটার, ছয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গতকাল শনিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য জানানো হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও এলপিজি গ্যাস নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করা, সম্প্রতি আলোচিত দুই কিশোর-কিশোরীর মৃত্যুর ঘটনা, অবৈধ গ্যাসলাইনের বিরুদ্ধে অভিযান, মাদক নিয়ন্ত্রণ এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
জেলা প্রশাসক রোজী আক্তারের সভাপতিত্বে সভায় কার্যবিবরণী উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী। সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ, শেখ সাদী, সিভিল সার্জন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম, সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিঙ্কু, বিজিবি-১০ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মেজর মুহাম্মদ বেলাল হোসেন, র্যাব ও আনসার কর্মকর্তাসহ জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ মো. নুরুল আলম ভূঁইয়া, বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার ও মুজাহিদ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সভায় অংশ নেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রোজী আক্তার আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, ভেজাল ওষুধের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা দেন। এ ছাড়া কুমিল্লায় সম্প্রতি আলোচিত কিশোর-কিশোরীর মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন
