Published on
:
1 min read
দুর্গাপুর পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের পুরষা গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে দামোদর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দামোদর নদে যাওয়ার জন্য রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল। এতদিন মাটি-ধুলোর উপর দিয়েই যাতায়াত করতে হতো। অবশেষে সেই রাস্তা সংস্কারের কাজ শুরু হতে চলেছে।
এ দিন স্থানীয় বিধায়ক লক্ষণ ঘোড়ুই নারকেল ফাটিয়ে রাস্তার কাজের সূচনা করেন। বিধায়ক জানান, পুরষা গ্রামবাসিন্দা-সহ অন্যান্য গ্রামবাসীদের সুবিধার জন্য তৈরি করা হবে কংক্রিটের রাস্তা। তিনি নিজেও এ দিন ঘাটের চারপাশ ঘুরে দেখেন । তাঁর কথায়, ‘পুরষা গ্রাম থেকে দামোদর নদের ঘাটে যাওয়ার জন্য কোনও রাস্তা ছিল না। দীর্ঘদিন ধরে রাস্তা মেরামত করা হয়নি। সেই রাস্তা তৈরির কাজ শুরু হতে চলেছে।’
জানা গিয়েছে, আনুমানিক ৬০ লক্ষ টাকা খরচে ১২ ফুট চওড়া কংক্রিটের রাস্তা তৈরি করা হবে। রাস্তা তৈরি হয়ে গেলে স্ট্রিট লাইট লাগানো হবে। এছাড়াও তিনি জানান, আগামী দিনে পুরষা ঘাট নিয়ে বেশ কিছু পরিকল্পনা রয়েছে। সে ব্যাপারে রাজ্যের পর্যটন মন্ত্রীর সঙ্গেও পরামর্শ করবেন। দামোদর নদের কাছে পিকনিক স্পট, নৌকা বিহার ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন বিধায়ক।
বিধায়কের এই উদ্যোগে খুশি পুরষা গ্রামের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের কথায়, ‘বহু বছর ধরেই ঘাটের রাস্তা বেহাল হয়ে পড়েছিল। উপায় না থাকায় ওই রাস্তা দিয়েই যাতায়াত করতে হতো।’
