সিরায়গঞ্জের রায়গঞ্জ উপজেলার মালতিনগর বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে সার মজুতের দায়ে ডিলার আইয়ুর আলীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত ডিলার সার বিক্রিতে নানাভাবে অনিয়ম করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যার দিকে ওই বাজারের মেসার্স সরকার ট্রেডার্সের গোডাউনে অভিযান চালানো হয়। এ অভিযানে গোডাউনে অবৈধভাবে ১৫ বস্তা এমওপি, ৪০ বস্তা ডিএপি ও ২০ বস্তা টিএসপি সার মজুদের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে সার ডিলারকে উল্লেখিত টাকা জরিমানা করা হয়েছে এবং মজুত করা ৭৫ বস্তা সার স্থানীয় কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোমিনুল ইসলাম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
