কালবেলা · সাধারণ
আসামি ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২
১৫/১০/২০২৬

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আসামি ছিনিয়ে নিতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল হামলাকারী ফাঁড়িটি ঘেরাও করে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় হামলাকারীদের প্রতিহত করতে গিয়ে রামদার আঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তবে হামলাকারীরা আটক আসামিদের ছিনিয়ে নিতে পারেনি।
আহত পুলিশ সদস্যরা হলেন- উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম ও কনস্টেবল আশিক।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেন। পরে তাদের ফাঁড়িতে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পর ৪০ থেকে ৫০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালায়। হামলাকারীদের উদ্দেশ্য ছিল আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, রামদা, চাপাতি ও ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে একদল যুবক রেলওয়ে পুলিশ ফাঁড়ি ঘেরাও করে হামলা চালাচ্ছেন। এ সময় ফাঁড়িতে ভাঙচুরের পাশাপাশি আশপাশের বিভিন্ন স্থাপনাতেও হামলার দৃশ্য দেখা যায়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, ‘বিকেলের দিকে আমরা দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করি। তাদের ফাঁড়িতে নিয়ে আসার কিছুক্ষণ পর একদল সশস্ত্র সন্ত্রাসী ফাঁড়ি ঘেরাও করে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। তাদের প্রতিহত করতে গিয়ে রামদার আঘাতে আমাদের দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।’
তিনি বলেন, ‘সশস্ত্র সন্ত্রাসীরা আসামিদের ছিনিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেছে। ফাঁড়িতে ব্যাপক হামলা চালিয়েছে। কিন্তু তারা সফল হয়নি।’
এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। সরকারি দায়িত্ব পালনের সময় পুলিশ ফাঁড়িতে এমন সশস্ত্র হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗