তুরস্কের অন্যতম বড় শহর ইস্তাম্বুলে ভয়াবহ বন্যায় চারজন নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এই দুর্যোগকে ১৯৪২ সালের পর সবচেয়ে ভয়াবহ বন্যা হিসেবে উল্লেখ করেছেন।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল পর্যন্ত ইস্তাম্বুলে গত ৪৮ ঘণ্টায় যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তা সেপ্টেম্বর ও অক্টোবর মাসের গড় বৃষ্টিপাতের চেয়ে বেশি। অতিবৃষ্টির ফলে এ বন্যার সৃষ্টি হয়।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা সিফসি বলেন, জনগণকে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চলছে। একই সঙ্গে ১৯৪২ সালের পর সবচেয়ে বড় বন্যার মোকাবিলা করতে হচ্ছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ইস্তাম্বুলের সারিয়ার জেলার একটি সেতুর নিচে ৬৬ বছর বয়সী এক ব্যক্তিসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়। তাঁদের মধ্যে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ছাড়া সারিয়ার জেলায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
জনসংখ্যার দিক দিয়ে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষের বসবাস। বন্যার পানিতে শহরটির আবাসিক ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
