দিল্লিতে বাস দুর্ঘটনা।ছবি: সংগৃহীত।
Published on
:
1 min read
নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা। ই-রিকশা, বাইক, স্কুটারকে ধাক্কা দেওয়ার পরে সেই বেপরোয়া বাস পিষে দিয়েছে কয়েক জন পথচারীকেও। দিল্লিতে এই দুর্ঘটনায় মৃত এক। ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
দিল্লির আনন্দ পর্বত এলাকায় শনিবার ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি একজন মহিলা চালাচ্ছিলেন। পথচারীরা প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও, কয়েকজন বাসের নীচে চাপা পড়ে যান। এই ঘটনায় অন্তত ৪-৫ জন আহত হয়েছেন। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘এই এলাকায় সব সময়েই যানজট লেগে থাকে। রাস্তায় হাঁটার মতো কোনও জায়গা নেই। রিকশা-দোকানপাট রাস্তার অনেকটা অংশ দখল করে রেখেছে। এই রাস্তা দিয়ে হাঁটতেই সকলের ভয় লাগে। আর এ সবের কারণেই আজ একটা তরতাজা প্রাণ চলে গেল।’ পুলিশ ঘটনার তদন্ত করছে।
শনিবার রাত ১২টা ৪৫ মিনিটে দিল্লির দ্বারকা সেক্টর ১৮-তে ক্রিসেন্ট অ্যাপার্টমেন্টের কাছে আরও একটি দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, একটি দ্রুতগামী ট্রাক পর পর ২টি মোটরবাইকে ধাক্কা মারে। ২টি বাইকে মোট চার জন আরোহী ছিলেন। এই ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। অন্য তিন জন আহত হন। দিল্লি পুলিশ ইতিমধ্যে এই ঘটনার জন্য উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা, ৪১ বছর বয়সি ট্রাক চালক হোতম সিংকে গ্রেপ্তার করেছে। ঘাতক ট্রাক এবং ক্ষতিগ্রস্ত বাইকগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। দ্বারকা নর্থ থানায় একটি মামলা দায়ের করে পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।
