নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে তিনজনকে আটক করেছে বৈদ্যেরবাজার নৌ-পুলিশ। গতকাল বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার আনন্দবাজার ছনকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার জব্দ করা হয়।
বৈদ্যেরবাজার নৌ-পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা নদীর আনন্দবাজার এলাকায় দীর্ঘদিন ধরে একটি অসাধুচক্র রাতের আঁধারে দলীয় প্রভাব খাটিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার রাতে নৌ-পুলিশের কয়েকটি দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বালু উত্তোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে জাহিদুল ইসলাম, আমিরুল ইসলাম ও আব্দুল খালেক নামের তিনজনকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
বৈদ্যেরবাজার নৌ-পুলিশাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. শাহ কামাল বলেন, এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। আটক আসামিদের নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
