গাজীপুরে অসচ্ছল ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছে জেলা পরিষদ। প্রাথমিক পর্যায়ে ৭৩ জন নারীর হাতে এ সেলাই মেশিন তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে মোট ৫০০ জন নারীকে এই মানবিক সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে সেলাই মেশিন বিতরণ করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান গণমুখী সরকার দেশের প্রতিটি মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছেন। দেশের সামগ্রিক উন্নয়নমূলক কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়নে সর্বস্তরের জনগণকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তাঁরা।
আয়োজক সূত্রে জানা যায়, সমাজের পিছিয়ে পড়া, অবহেলিত ও দুস্থ নারীদের আর্থিক স্বাধীনতা অর্জনই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রাথমিক ধাপে ৭৩ জন নারীকে সেলাই মেশিন দেওয়া হলেও পর্যায়ক্রমে ৫০০ অসচ্ছল নারীকে এই কার্যক্রমের অধীনে নিয়ে আসা হবে।
তারা আরও উল্লেখ করেন, এই সেলাই মেশিনের মাধ্যমে প্রান্তিক নারীরা ঘরে বসেই স্বাবলম্বী হতে পারবেন। এতে তাঁদের পারিবারিক আর্থিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সমাজে নারীদের মর্যাদা ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
জেএইচআর
