রিয়াদ, ২২ অক্টোবর – সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘কিং ফাহাদ’ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যার এই হামলায় অন্তত একজন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (GACA) জানিয়েছে, হামলার পর বিমানবন্দরে পরিকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলার পরপরই মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি চরম আকার ধারণ করায় সৌদি আরবে অবস্থানরত মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারকে অবিলম্বে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
মার্কিন সতর্কতা ও ইয়েমেনি হুতিদের অবস্থান
এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ বিপজ্জনকভাবে বাড়িয়ে দিয়েছে। মার্কিন কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে—ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মজিদ আল-নাজিলি দাবি করেছেন যে, হুতি বাহিনী আল-রাইয়ান বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে সৌদি জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি নিশ্চিত করেছেন যে, পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে ধেয়ে আসা ৪টি ড্রোন তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ধ্বংস করেছে।
অক্টোবরজুড়ে লাগাতার বিমানবন্দর হামলা: হতাহতের পরিসংখ্যান
চলতি বছরের অক্টোবর মাস জুড়েই মধ্যপ্রাচ্যে বেসামরিক বিমানবন্দরগুলোকে প্রধান লক্ষ্যবস্তু বানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। পরিসংখ্যান বলছে:
কিং খালিদ বিমানবন্দর (রিয়াদ): গত ৭ থেকে ১১ অক্টোবরের মধ্যে ১৭ জন নিহত ও ৩৩৩ জন আহত হয়েছেন। এর মধ্যে গত ১০ অক্টোবরের সবচেয়ে রক্তক্ষয়ী হামলায় দুই বাংলাদেশিসহ মোট ১২ জন প্রাণ হারান।
আবহ ও জাজান বিমানবন্দর: দক্ষিণপশ্চিমাঞ্চলের আসির অঞ্চলের আবহা বিমানবন্দরে দুজন নিহত ও ২৮ জন আহত হয়েছেন, এবং জাজানের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে আহত হয়েছেন আরও তিনজন।
সামগ্রিক প্রভাব: বিমানবন্দরগুলোতে হুথিদের ধারাবাহিক হামলায় এ পর্যন্ত বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন এবং আন্তর্জাতিক বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এনএন/ ২২ অক্টোবর ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::সৌদির কিং ফাহাদ বিমানবন্দরে রক্তক্ষয়ী হামলা! ১ নিহত, মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা first appeared on DesheBideshe.