সড়ক দুর্ঘটনা রোধ ও চালকদের ট্রাফিক আইন মানতে সচেতন করার লক্ষ্যে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। ‘নিরাপদ গাড়িচালক চাই’ স্লোগানে এ কার্যক্রমের মাধ্যমে চালকদের আরও দায়িত্বশীল করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ শহরের গাইটাল আন্তজেলা বাস টার্মিনালে বাসে সচেতনতামূলক স্টিকার সাঁটিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
ক্যাম্পেইন শেষে চালক ও হেলপারদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার। তিনি বলেন, চালকদের অদক্ষতা ও অসচেতনতা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। শুধু মামলা বা আইনি ব্যবস্থা গ্রহণ করে দুর্ঘটনা পুরোপুরি কমানো সম্ভব নয়। এ জন্য চালক ও পরিবহনমালিকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। চালকদের সচেতন ও দায়িত্বশীল করে তুলতেই জেলা পুলিশের এ প্রচার কার্যক্রম।
তিনি আরও বলেন, চালকদের সচেতন করার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন যানবাহন এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত আইনি পদক্ষেপ ও অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চালক ও যাত্রীরা। কিশোরগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী কয়েকটি বাসের চালক জানান, টার্মিনাল ও সড়কে সরাসরি এ ধরনের সচেতনতামূলক বার্তা চালকদের মধ্যে সতর্কতা ও দায়িত্ববোধ বাড়াতে সহায়ক হবে। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ সড়ক দুর্ঘটনা কমাতেও ভূমিকা রাখতে পারে।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) আবু নাছের মোহাম্মদ জহির, ট্রাফিক ইন্সপেক্টর মনিরুজ্জামান, কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আনিসুজ্জামান বাবুল, গাইটাল আন্তজেলা বাস টার্মিনালের আহ্বায়ক হুমায়ুন কবির ও যুগ্ম আহ্বায়ক রেজওয়ানুল আলম জোসেফসহ অনেকে।
