শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ৭৫ হাজার টাকা।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার জামতলা কলোনি এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর হলদিগ্রাম ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
আটক ব্যক্তিরা হলেন ঝিনাইগাতী উপজেলার গোমরা গ্রামের মৃত ছফর আলীর ছেলে মো. সুলতান মাহমুদ (৩৮) এবং একই গ্রামের কালো গাজীর ছেলে মিস্টার আলী (৩৬)।
বিজিবি সূত্রে জানা গেছে, এ ঘটনায় আটক দুজনসহ পলাতক আরও তিনজনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা করা হয়েছে। আটক ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। এসব অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
আজকালের খবর/কাওছার আল হাবীব
