জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন ঢাকার ২৫টি কর অঞ্চলের নিয়োগ পরীক্ষায় ঢাকা বিভাগের ১৩ জেলার যোগ্য প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা।
রোববার (১৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে মানববন্ধন করে এ দাবি জানান তারা। পরে চাকরিপ্রার্থীদের একটি প্রতিনিধিদল এনবিআর চেয়ারম্যানকে স্মারকলিপি দিতে যায়।
বিজ্ঞাপন
চাকরিপ্রার্থীদের অভিযোগ, সম্প্রতি ঢাকার কয়েকটি কর অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন পদে শুধু ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের আবেদনের সুযোগ রাখা হয়েছে। এতে ঢাকা বিভাগের অন্য ১২টি জেলার যোগ্য প্রার্থীরা আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
এ বিষয়ে এনবিআর চেয়ারম্যানের কাছে দেওয়া স্মারকলিপিতে চাকরিপ্রার্থীরা বলেন, তারা ঢাকা বিভাগের বিভিন্ন জেলার স্থায়ী বাসিন্দা এবং দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন।
বিজ্ঞাপন
তাদের দাবি, অতীতে ঢাকার বিভিন্ন কর অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার যোগ্য প্রার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হতো। কিন্তু সম্প্রতি প্রকাশিত কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তিতে ঢাকা জেলার বাইরের প্রার্থীদের সেই সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।
স্মারকলিপিতে চাকরিপ্রার্থীরা উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধানের ২৭, ২৯ ও ৩১ অনুচ্ছেদ অনুযায়ী এ ধরনের নিয়োগে আবেদনের সুযোগ সীমিত করার বিষয়টি বৈষম্যমূলক ও অসাংবিধানিক। তাই বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত ১৩ জেলার যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
এসএম/এমকেআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
