গজারিয়া নৌ পুলিশের তৎপরতায় মেঘনা নদীর কাজিপুরা, ষোলআনী, ইসমানিরচর এবং এর পার্শ্ববর্তী বিভিন্ন পয়েন্টে এই সাঁড়াশি অভিযান চালানো হয়।
জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এবং এর প্রজনন নির্বিঘ্ন করার লক্ষ্যে "মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬" উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়ায় এক বিশেষ ও সফল অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ।
সোমবার (১২ অক্টোবর)সকাল ৯টা হতে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন মেঘনা নদীর বিস্তীর্ণ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গজারিয়া নৌ পুলিশের তৎপরতায় মেঘনা নদীর কাজিপুরা, ষোলআনী, ইসমানিরচর এবং এর পার্শ্ববর্তী বিভিন্ন পয়েন্টে এই সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানকালে নদীতে অবৈধভাবে মাছ শিকারের উদ্দেশ্যে পাতা আনুমানিক ১,০০,০০০ (এক লক্ষ) মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়াও, শিকারিদের কাছ থেকে প্রায় ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করতে সক্ষম হয় অভিযানিক দল।
পরবর্তীতে গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত অবৈধ কারেন্ট জালগুলো নদীর তীরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়, যাতে ভবিষ্যতে এসব জাল পুনরায় ব্যবহার করা না যায়। অন্যদিকে, উদ্ধারকৃত ১০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে দেওয়া হয়।
গজারিয়া নৌ পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে মেঘনা নদীতে তাদের এই "মা ইলিশ সংরক্ষণ অভিযান" কঠোরভাবে চলমান রয়েছে। আইন অমান্য করে অবৈধভাবে মাছ শিকারের চেষ্টা করলে ভবিষ্যতেও এমন কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
