দিনাজপুরে ২০ হাজার পিস নেশাজাতীয় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড-সংলগ্ন রেললাইনের পাড় এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ শহরের সিপাহিপাড়া ঢাকাইয়াপট্টি লাইনপাড় এলাকার মো. সোহেল রানা (৩৫) ও তার স্ত্রী লাকি বেগম (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শহরের সোহেল রানার বাড়িতে অভিযান চালিয়ে ঘরে লুকিয়ে রাখা ২০ হাজার ২০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এ ছাড়া আসামিদের কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি ব্যাগ, মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকা এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অভিযান শেষে শনিবার রাতেই এক সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দম্পতির কাছ থেকে এই চক্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করে মাদকের জোগানদাতা ও নেপথ্যের গডফাদারদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ। এ ঘটনায় দিনাজপুর কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। গতকাল রোববার গ্রেপ্তার দম্পতিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।