গাজীপুর মহানগরীর টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় তপন চন্দ্র দাস ও তাঁর ছেলে লিখন চন্দ্র দাসের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ভোর ৫টার দিকে টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তপন চন্দ্র দাস (৫০) ও তাঁর ছেলে লিখন চন্দ্র দাসের (২০) গ্রামের বাড়ি শেরপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কৈবর্তপাড়া এলাকায়।
জানা গেছে, শনিবার ভোরে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে চলাচলের সময় একটি বাসের চাপায় বাবা ও ছেলে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক লিখন চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, গুরুতর আহত তপন চন্দ্র দাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুল আলম জানান, শনিবার ভোরে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় বাসের চাপায় বাবা ও ছেলে গুরুতর আহত হন। পরে তাঁদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর বাবারও মৃত্যু হয়। তবে, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি।
