রিয়াদ,১৯ অক্টোবর-শেষবারের মতো দেখা তো দূরের কথা, কথা বলার সুযোগটুকুও পায়নি পরিবার। কখন তাদের সন্তানের জীবনের প্রদীপ নিভিয়ে দেওয়া হলো, সেটাও জানতে দেওয়া হয়নি মা-বাবাকে। গত বুধবার (১৪ অক্টোবর) সৌদি আরবের মক্কা নগরীতে গোপনে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার তরুণ নজরুল ইসলামের (২২)। দূর প্রবাসের কারাগারে যখন নজরুলের প্রাণহীন দেহ ঝুলছিল, তখনও হয়তো হতভাগ্য মা-বাবা অপেক্ষায় ছিলেন, পরের রবিবার ছেলের ফোন আসবে।
কোনো আগাম নোটিশ দেওয়া বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এভাবে হঠাৎ মৃত্যুদণ্ড কার্যকর করায় পুরো পরিবার স্তব্ধ হয়ে পড়েছে। ক্ষোভ আর দুঃখে গোটা এলাকাজুড়েও নেমে এসেছে শোকের ছায়া।
পরিবারের অভাব দূর করার আশায় ২০২২ সালের ১০ নভেম্বর সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের কৃষক পরিবারের বড় ছেলে নজরুল ইসলাম। সেখানে একটি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ শুরু করেন তিনি। কিন্তু সৌদি আরবে যাওয়ার মাত্র ছয় মাসের মাথায় মক্কার একটি মসজিদ থেকে সুইটি আক্তার নামে এক তরুণীসহ নজরুলকে অনৈতিক কাজের অভিযোগে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। এরপর তিন বছর তিন মাস রিয়াদ ও মক্কার কারাগারে বন্দি ছিলেন নজরুল।
নজরুলের মা রহিমা বেগম জানান, কারাগারে থাকার পরও ছেলে প্রতি রবিবার নিয়মিত পরিবারের সঙ্গে কথা বলতেন। কিন্তু গত সপ্তাহে আর কোনো ফোন আসেনি। পরে গণমাধ্যমের মাধ্যমে পরিবার জানতে পারে, নজরুলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। একই সঙ্গে সুইটি আক্তারেরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
ছেলের এমন করুণ মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা আব্দুল বাছির। অসুস্থ শরীরে তিনি শুধু বিলাপ করে বলছেন, আমার ছেলে কী অপরাধ করেছে, তা আমি জানি না। একমাত্র আল্লাহই জানেন। কিন্তু কেন আমাদের একবার জানতেও দেওয়া হলো না?
নজরুলের মৃত্যুর এই তীব্র শোক সইতে পারেনি তাঁর পরিবার। ভাতিজার মৃত্যুর খবর শোনার পর বুধবার রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নজরুলের আপন ফুফু আবেদা বেগম। চার ভাই-বোনের মধ্যে সবার বড় নজরুলকে হারিয়ে মায়ের কান্না আর ফুফুর আকস্মিক মৃত্যুতে বিরামপুর গ্রামে এখন শোকের মাতম চলছে।
নিহত নজরুলের পরিবার ও এলাকাবাসীর দাবি, রাষ্ট্রীয় খরচে যেন দ্রুত তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়। শেষবারের মতো ছেলের মুখ দেখে যেন হতভাগ্য বাবা-মা তাঁকে নিজ গ্রামের মাটিতে দাফন করতে পারেন।
এস এম/ ১৯ অক্টোবর ২০২৬
