ছবির ক্যাপশন: ...
শ্রীমঙ্গল প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে নির্মম নির্যাতন ও হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে আহলে সুন্নাত ওয়াল জামা'আতের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) আসরের নামাজ শেষে শ্রীমঙ্গল চৌমুহনা চত্তরে বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে মাওলানা নজরুল ইসলাম’র সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা আমিনুর রহমান আফরোজ, মাওলানা সালাহ উদ্দিন আইয়ুবী, শাহজাদা শেখ নাজিব আহমদ, নাজমুল হোসাইন চৌধুরী, মাওলানা আফজাল রেজা করিমী, মাওলানা সাজ্জাদুর রহমান করিমী, মাওলানা সালেহ আহমদ পাটোয়ারী, শেখ ইশতিয়াক আহমদ, ছাত্রদল নেতা নাজমুল চৌধুরী, মুক্তাদির আহমদ, জাতীয় নাগরিক কমিটি’র আরিফ বকস’সহ প্রমুখ।
মানববন্ধন ও সমাবেশ থেকে বক্তরা জানান, ২৬ এপ্রিল গাজীপুর থেকে অসংখ্য আশেকে রাসূলকে নিয়ে ঢাকার সমাবেশে গিয়েছিলেন মাওলানা রইস উদ্দিন। সে জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাকে খুন করা হয়েছে। এ ঘটনা কারা ঘটিয়েছে তা আমাদের কাছে ‘স্পষ্ট’। যারা এ হত্যাকাণ্ড করেছে, যারা এ দেশের মধ্যে ইসলামের নাম দিয়ে বিভিন্ন মাজারে ভাঙচুর করে তাদের বলে দিতে চাই, আমাদের সুন্নিরা বার বার রক্ত দিয়েছে, প্রয়োজনে সুন্নিরা রইস উদ্দিনের জন্য আবারও রক্ত দিতে রাজপথে নামবে। দ্রুত সময়ে আমাদের ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে আমাদের ঠিকানা হবে রাজপথ।এ সময় বক্তরা আরো বলেন, গাজীপুরে মব সৃষ্টি করে তরুণ আলেমে দ্বীন ও সংগঠক মাওলানা রইস উদ্দিনকে নির্যাতন ও বিনা চিকিৎসায় কারা হেফাজতে মৃত্যুর সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান নেতৃবৃন্দ।
