আমার কাগজ প্রতিবেদক
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ২ হাজার ২৪৯ জন আক্রান্ত হয়েছেন, যা এ বছরের মধ্যে সর্বোচ্চ।
রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি ও ময়মনসিংহ বিভাগে দুজন করে মারা গেছেন। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন। আর চলতি বছরের ৬ ও ১৫ অক্টোবর ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১০ জন করে মারা যান।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি ৬০৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ২৯৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৭ জন, রাজশাহী বিভাগে ২২৪ জন, চট্টগ্রাম বিভাগে ২১৭ জন, বরিশাল বিভাগে ২১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২০১ জন, ময়মনসিংহ বিভাগে ১৫৫ জন, রংপুর বিভাগে ৮২ জন এবং সিলেট বিভাগে ৩০ জন ভর্তি হয়েছেন।
The post ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, এক দিনে আক্রান্তের রেকর্ড appeared first on দৈনিক আমার কাগজ.
