কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে তিনজনের পরিবারের সন্ধান এখনও পায়নি পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। অন্য সাতজনের পরিবারের সঙ্গে যোগাযোগের পর মরদেহের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
রোববার কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আগুনে নিহত ব্যক্তিদের মরদেহ এতটাই পুড়ে গেছে যে, দেখে তাঁদের পরিচয় শনাক্ত করা কঠিন। পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে সাতজনকে শনাক্ত করলেও পরিচয় নিশ্চিত করতে তাদের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষার ফল পাওয়ার পর মরদেহগুলো সংশ্লিষ্ট পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাকি তিনজনের স্বজনেরা যোগাযোগ করলে তাঁদের ক্ষেত্রেও একই প্রক্রিয়ায় ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। বর্তমানে মরদেহগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে, রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় মালিকসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শনিবার রাতে দায়ের করা এ মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ১৯ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, আগুনের ঘটনার পর আটক রিসোর্টের ব্যবস্থাপক জাহিদুল ইসলামকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত শনিবার সকালে টুপটুপ রিসোর্টে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের অধিকাংশই পর্যটক।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস ও পুলিশ। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।
এমএমআর
-4a7571.jpg&w=1440&q=75)