নেত্রকোণার মদন উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা চেয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. কাদের। তিনি স্বচ্ছতা, জবাবদিহি ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন।
সোমবার (১৯ অক্টোবর) উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সুধীজনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বক্তারা মদন উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সরকারি সেবার মান বাড়ানো এবং সাধারণ মানুষের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন। প্রশাসন ও জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান তারা।
ইউএনও এম. এ. কাদের বলেন, মদন উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। উপজেলার উন্নয়নে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির রিয়াজ উদ্দিন (ইদ্রিস মাস্টার), উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম হাসান ও সাধারণ সম্পাদক সাইমন আকন্দ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আল মাহবুবুর আলম, সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, জুলাই যোদ্ধা ইমরান হোসেন, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি আব্দুল কাইয়ুমসহ স্থানীয় সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় পরিচিতি পর্বের পাশাপাশি মদন উপজেলার উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে মতামত বিনিময় করা হয়। এ সময় উপজেলার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
