ফটিকছড়িতে পাচারকালে ১৫ লাখ টাকার রাবার জব্দ: কাভার্ডভ্যানসহ আটক ৩

চট্টগ্রামের ফটিকছড়িতে পাচারকালে বিপুল পরিমাণ সরকারি সম্পদ উদ্ধার করেছে পুলিশ। প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৬ থেকে ৭ টন চোরাই রাবার জব্দ করার পাশাপাশি পাচারে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়ে গতকাল মঙ্গলবার উপজেলার ভূজপুর থানাধীন ছোট বেতুয়া এলাকা থেকে ৯০ বস্তা রাবারসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন—ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের হাসনাবাদ মুন্সিপাড়া এলাকার আমির হোসেন (২৩) ও শহিদুল ইসলাম (২১) এবং কাভার্ডভ্যান চালক ভোলার চরফ্যাশন এলাকার বাসিন্দা মোহাম্মদ সেলিম (৩১)।
পুলিশ জানায়, তারাকোঁ রাবার বাগান থেকে অবৈধভাবে রাবার পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ছোট বেতুয়া এলাকায় পুলিশি চেকপোস্ট বসানো হয়। এ সময় চট্টগ্রাম মেট্রো-ন ২৩২৩-৩৮ নম্বরের সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৯০ বস্তা কাঁচা রাবার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকোঁ রাবার বাগানের ব্যবস্থাপক ও দাঁতমারা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বরকত উল্লাহ জানান, পাচারকৃত রাবার জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, সরকারি মূলবান সম্পদ চুরির এ ঘটনার সাথে জড়িত পুরো সিন্ডিকেটকে চিহ্নিত করতে তদন্ত চলছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এই বিভাগের আরো খবর






