Published on
:
2 min read
এই সময়, তমলুক: ‘দেবী দুর্গা সম্মান ২০২৬’-এর জন্য পূর্ব মেদিনীপুরের ১২টি পুজো কমিটির নাম ঘোষণা করল জেলা প্রশাসন। শুক্রবার নিমতৌড়িতে জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক বৈঠক করে চারটি বিভাগে নির্বাচিত পুজো কমিটিগুলির নাম জানান জেলাশাসক নিরঞ্জন কুমার।
পাশাপাশি, জেলা প্রশাসনিক ভবনকে প্লাস্টিকমুক্ত ঘোষণা করে সরকারি দপ্তরগুলিতে প্লাস্টিকের ব্যবহার বন্ধের উদ্যোগের কথা জানান তিনি। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক তানিয়া পারভিন এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক বরুণ মণ্ডল। জেলাশাসক জানান, মহকুমা স্তরের কমিটিগুলির কাছ থেকে মোট ৪৬টি পুজো কমিটির নাম সুপারিশ করা হয়েছিল। সেখান থেকে জেলা স্তরের কমিটি চারটি বিভাগে তিনটি করে মোট ১২টি কমিটিকে বেছে নিয়েছে। বিভাগগুলি হল—সেরা পুজো, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা এবং সেরা সমাজ সচেতনতা। ‘সেরা পুজো’ বিভাগে নির্বাচিত হয়েছে পটাশপুর-২-এর টিকরাপাড়া রেনবো অ্যাথলেটিক ক্লাব, কাঁথি পুরসভার নান্দনিক ক্লাব এবং ময়নার পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটি। ‘সেরা মণ্ডপ’ বিভাগে রয়েছে এগরা-২-এর বালিঘাই বিবেকানন্দ ব্যায়ামাগার, রামনগর বাজার ব্যবসায়ী সমিতি এবং মহিষাদল সানডে ক্লাব। ‘সেরা প্রতিমা’ বিভাগে জায়গা পেয়েছে এগরা ফ্রেন্ডস রিক্রিয়েশন ক্লাব, নন্দীগ্রামের গোকুলনগর ৬ নম্বর অঞ্চল যুব সঙ্ঘ এবং পাঁশকুড়ার মেছোগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র। অন্য দিকে, ‘সেরা সমাজ সচেতনতা’ বিভাগে নির্বাচিত হয়েছে কাঁথি-১ ব্লকের বাদলপুর বিবেকানন্দ কল্যাণ সংঘ, চৈতন্যপুরের নবতারা এবং নন্দকুমার স্পোর্টস অ্যান্ড কালচারাল সেন্টার।
অন্য দিকে, দূষণ রুখতে সরকারি দপ্তর প্লাস্টিকমুক্ত করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। জেলাশাসক বলেন, ‘জেলা প্রশাসনিক ভবনে প্লাস্টিকের বোতলের বদলে কাচের বোতল ও গ্লাস ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। মহকুমা, ব্লক ও পঞ্চায়েত স্তরের দপ্তরগুলিতেও এই নিয়ম কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সাধারণ মানুষকেও প্লাস্টিকের বদলে কাপড়ের ব্যাগ ও কাগজের ঠোঙা ব্যবহারের আবেদন জানান তিনি। পুজোর সময়ে খাবারের গুণমান বজায় রাখতেও খাদ্য সুরক্ষা দপ্তরও নজরদারি চালাচ্ছে বলে জানান জেলাশাসক।
