পবিত্র মক্কা নগরী। ছবি: সংগৃহীত
-->ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর মক্কা ও মদিনা অঞ্চলে সেগুলির খণ্ডিত অংশ বা ধ্বংসাবশেষ (শেল বা শার্পনেল) পড়ার কথা জানিয়েছে সৌদি আরব। তবে পবিত্র দুই নগরীকে লক্ষ্যবস্তু করার এই দাবিকে ‘ডাহা মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে হুথি বিদ্রোহীরা।
শনিবার (২৪ অক্টোবর) সৌদি আরবের সিভিল ডিফেন্স ডিরেক্টরেট এক বিবৃতিতে জানায়, হুথি মিলিশিয়ার মক্কা আল-মোকাররমা ও মদিনা আল-মুনাওয়ারা অঞ্চলের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং আকাশে ধ্বংস করার পর সেগুলোর টুকরো বা ধ্বংসাবশেষ বিভিন্ন এলাকায় পড়েছে।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মক্কার বাইরে ওয়াদি মুগামাস, জেদ্দার আল-নুজহা পাড়া, তায়েফের ওয়াদি জালিল এবং রাবিঘের একটি জনবসতিহীন এলাকায় ক্ষেপণাস্ত্রের এই টুকরো ও ধ্বংসাবশেষ এসে পড়েছে।
আরও পড়ুন
এর আগে, শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে মক্কা ও জেদ্দাসহ চারটি পশ্চিমা প্রদেশে ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি করা হয়েছিল এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
এদিকে ইসলাম ধর্মের পবিত্র দুই নগরীকে লক্ষ্য করে হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে হুথি বিদ্রোহীরা। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, ‘সৌদি শত্রু পক্ষ আমাদের বাহিনী পবিত্র মক্কা ও মদিনা এলাকাকে লক্ষ্যবস্তু করেছে বলে যা প্রচার করছে, তা একটি ডাহা ও বিশাল মিথ্যা।’
আরও পড়ুন
এর আগে, শুক্রবার ও শনিবার সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা ও পাইপলাইনসহ বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করে হুথিরা। গত কয়েকমাস ধরে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবের ওপর হামলা জোরদার করেছে, যা ২০২২ সালের জাতিসংঘ-মধ্যস্থতাকৃত যুদ্ধবিরতি চুক্তির পর দুই পক্ষের সীমান্তে তুলনামূলক শান্ত পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে। সূত্র: এনডিটিভি
আজহার/
