বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে যেকোনো ধরণের অনাকাঙ্ক্ষিত সহিংসতা বা দাঙ্গা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে ১ হাজারটি বিশেষায়িত রায়ট কার কেনার একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পুলিশের বিদ্যমান যানবাহন সংকট দূর করা এবং মাঠপর্যায়ের কাজের গতিশীলতা বাড়াতে আগামী ২০২৯ সালের মধ্যে এই গাড়িগুলো পর্যায়ক্রমে পুলিশ বহরে যুক্ত করা হবে।
এই বিশাল প্রকল্পের আওতায় প্রতিটি রায়ট কারের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় সোয়া ২ কোটি টাকা। তবে কেবল রায়ট কারই নয়, পুলিশের সব ধরনের যানবাহন আধুনিকায়ন এবং নতুন গাড়ি কেনার জন্য মোট সাড়ে ৬ হাজার কোটি টাকার একটি বড় মহাপরিকল্পনা তৈরি করা হয়েছে।
দেশের বিভিন্ন থানা ও পুলিশ লাইন্সে বর্তমানে থাকা অর্ধেকেরও বেশি গাড়ি বেশ পুরোনো ও জরাজীর্ণ হয়ে পড়ায় এই উদ্যোগ অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল।পর্যায়ক্রমে কেনা এই ১ হাজার রায়ট কার দেশের বিভিন্ন মেট্রোপলিটন পুলিশ এলাকা, জেলা পুলিশ লাইনস এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিশেষায়িত ইউনিটগুলোতে মোতায়েন করা হবে। বিশেষ করে সহিংসতাপ্রবণ ও জনবহুল এলাকাগুলোতে এই গাড়িগুলো অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহার করা হবে।
এছাড়া এই সাড়ে ৬ হাজার কোটি টাকার মহাপরিকল্পনার অধীনে রায়ট কারের পাশাপাশি পুলিশের জন্য প্রয়োজনীয় অ্যাম্বুলেন্স, জিপ, পিকআপ, আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার এবং ওয়াটার ক্যাননও কেনা হবে।
