শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।
বুধবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার গারোকোনা লেবুবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর হলদিগ্রাম ক্যাম্পের সদস্যরা।
বিজিবি সূত্রে জানা গেছে, চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সার্বক্ষণিক সতর্ক রয়েছে। এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
এমএ
