সংবাদ · আন্তর্জাতিক
৫০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা
২৪/১০/২০২৬

বিশ্ব শ্রমবাজারের চাহিদা ও আন্তর্জাতিক শিক্ষার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে দেশের ৫০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চালু হতে যাচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা প্রোগ্রাম। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই কার্যক্রম চালুর পরিকল্পনা করা হয়েছে, যা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রে জানা গেছে, সরকার গঠিত এই নতুন রূপরেখার আওতায় বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের এক বা একাধিক বিদেশি ভাষায় দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া হবে। বিশ্ববাজার, শিক্ষার্থীদের চাহিদা ও আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষার সম্ভাবনা বিবেচনায় নিয়ে আটটি ভাষাকে অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করা হয়েছে। ভাষাগুলো হলো–চীনা, জাপানি, কোরীয়, জার্মান, ফরাসি, স্প্যানিশ, আরবি ও রুশ।সম্প্রতি আগারগাঁওয়ে ইউজিসি ভবনে আয়োজিত এক বৈঠকে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের উপস্থিতিতে এ সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ইউজিসির পরিকল্পনা অনুযায়ী, একটি সমন্বিত 'ল্যাঙ্গুয়েজ এডুকেশন মডেল' অনুসরণের মাধ্যমে এসব বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ও নন-ক্রেডিট কোর্স, স্বল্পমেয়াদি সার্টিফিকেট কোর্স এবং দীর্ঘমেয়াদি ডিপ্লোমা প্রোগ্রাম চালু করা হবে।কার্যক্রমটি প্রাতিষ্ঠানিক ও টেকসই করতে বিশ্ববিদ্যালয়গুলোতে 'মডার্ন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট' ও ভাষা সেন্টার প্রতিষ্ঠা বা বিদ্যমান সেন্টারগুলোকে আধুনিকায়নের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি তরুণদের আন্তর্জাতিক কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার ক্ষেত্র তৈরি করতে শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের যৌথ অংশীদারত্ব (একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন) জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, ডিসেম্বরের আগেই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা বিশ্ববাজারে দক্ষতা প্রমাণের পাশাপাশি উচ্চশিক্ষায় উল্লেখযোগ্য সুযোগ সুবিধা পাবেন।/
মূল প্রতিবেদনে যান ↗