প্রতিমা সামনের দিকে হেলে পড়ার মুহূর্ত। ছবি: স্ক্রিনগ্র্যাব
Published on
:
1 min read
কোচবিহারের তুফানগঞ্জে রায়ডাক নদীতে প্রতিমা নিরঞ্জন। সেই নিরঞ্জনের সময়ে ঘটল বিপত্তি। আচমকাই উল্টে যায় প্রতিমা। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (যদিও ভিডিয়োর সত্যতা এই সময় অনলাইন যাচাই করেনি)। তবে বেশ কয়েকজন প্রতিমাকে আগলাতে গিয়ে পড়ে যান। যদিও এর পরেই নদীতে নিরঞ্জন করা হয় প্রতিমা।
প্রতি বছরই তুফানগঞ্জে রায়ডাক নদীতে প্রতিমা নিরঞ্জন হয়। সেই মতো বুধবারও প্রতিমা বিসর্জন পর্ব চলছিল নদীর ঘাটে। শহর এবং সংলগ্ন এলাকার বারোয়ারি এবং বাড়ির পুজোর প্রতিমা এখানে বিসর্জনের ব্যবস্থা করা হয়েছিল।
সন্ধে নাগাদ আসে তুফানগঞ্জ জয় হিন্দ ক্লাবের দুর্গা প্রতিমা। নদীর ঘাটের একেবারে ধারে এনে পিছন দিয়ে টানা হচ্ছিল প্রতিমা। সামনেও বহু লোক ছিলেন। ঢালে প্রতিমা নামানোর সময়ে আচমকাই সামনের দিকে পড়ে যায় প্রতিমা। অভিযোগ, বেশ কয়েকজন পুরসভা কর্মী নীচে পড়ে যান।
সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেই ভিডিয়ো। এই ঘটনায় হুলস্থুল শুরু হয় ঘাটে। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুক্ষণ প্রতিমা নিরঞ্জন বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। আহত কর্মীদের তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।