তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. মনিরুজ্জামান (৪৮) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট এলাকার নৌকাঘাটে এ ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান বরিশাল জেলার বড় নদী থানার বিজয়পুর গ্রামের মৃত আব্দুল মুতালিবের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ৩০ জনের একটি দল তাহিরপুর বাজারঘাট থেকে ‘সীমান্ত তরী’ নামে একটি হাউসবোট নিয়ে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যায়। হাওর ঘুরে দলটি টেকেরঘাট এলাকায় গিয়ে রাতযাপন করে। বুধবার সকালে মনিরুজ্জামান অসুস্থ হয়ে পড়লে সঙ্গে থাকা লোকজন দ্রুত তাঁকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সঙ্গে থাকা জামাল শিকদার ও পারিবারিক সূত্রে জানা গেছে, মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। পরিবারের সদস্যরা তাঁকে বেড়াতে না যাওয়ার পরামর্শ দিলেও বন্ধুদের সঙ্গে তিনি টাঙ্গুয়ার হাওরে আসেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই ওই পর্যটকের মৃত্যু হয়। তিনি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। এ কারণে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে কোনো অভিযোগ না থাকায় বন্ধু ও পরিবারের অনুরোধে মরদেহ সঙ্গে আসা বন্ধুদের কাছে হস্তান্তর করা হয়েছে।
