বিশ্বরেকর্ড গড়ে এশিয়াডে সোনা সন্দীপ-হানেরছবি: X
Published on
:
2 min read
এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ দুরন্ত ছন্দে ভারত। বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতে নজির গড়লেন সন্দীপ সিং মান এবং হানে। পুরুষদের ৪০০ মিটার ফাইনালে ৫২.২৮ সেকেন্ডে ফিনিশ করে সোনা জেতেন সন্দীপ। জ্বলে উঠলেন জ্যাভলিন থ্রোয়ার হানে-ও। ৬০.৪৯ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন তিনিও। এই জোড়া সোনাতেই নয়া মাইলফলক ছুঁয়ে ফেলল ভারত। চলতি প্যারা এশিয়ান গেমসে পদক তালিকায় ১০০ পার করে গেল ভারত।
বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতলেন সন্দীপ
T44, T42 এবং T64 শ্রেণির প্রতিযোগীদের নিয়ে আয়োজিত দৌড়ে শুরু থেকেই এগিয়ে ছিলেন সন্দীপ। শেষ পর্যন্ত সেই ব্যবধান বজায় রেখে সোনা নিশ্চিত করেন তিনি। সৌদি আরবের আলসানা নুর শেষ দিকে গতি বাড়িয়ে সন্দীপকে চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করেন। তবে ভারতীয় অ্যাথলিটকে টপকাতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ৫২.২৮ সেকেন্ডে রেস ফিনিশ করে সোনা জেতেন সন্দীপ।
এই ইভেন্টে আরও একটি পদক পেয়েছে ভারত। অজয় কুমার ৫৩.৬১ সেকেন্ডে রেস শেষ করে ব্রোঞ্জ জেতেন। ফলে সন্দীপের সোনার পাশাপাশি দেশের পদক তালিকায় যোগ হলো আরও একটি পদক।
জ্যাভলিনে বিশ্বরেকর্ড, সোনা জিতলেন হানে
সন্দীপের সাফল্যের পরে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের F37/38 বিভাগে বিশ্বরেকর্ড গড়ে সোনা জেতেন ভারতের হানে। নিজের শেষ দুই থ্রোতে সেরা পারফরম্যান্স তুলে ধরেন তিনি। প্রথমে ৫৯.৭২ মিটার ছোড়ার পরে শেষ প্রয়াসে তিনি জ্যাভলিন পাঠান ৬০.৪৯ মিটার দূরে। এই থ্রোয়ের সুবাদে ১১১৬ রাজ়া পয়েন্ট নিয়ে সোনা জেতেন হানি। ভেঙে দেন ২০০৮ সালে চিনের শিয়া দংয়ের গড়া ৫৭.৮১ মিটারের দীর্ঘদিনের বিশ্বরেকর্ড।
এই ইভেন্টে রুপো জেতেন ইরানের হরমোজ় সাইদিকাজ়পৌনজি। ৫০.৬৮ মিটার ছুড়ে তাঁর সংগ্রহ ১০০৯ পয়েন্ট। চিনের ইউ চেংজি ৫৩.৬৬ মিটার ছুড়ে এশিয়ান রেকর্ড গড়ে ব্রোঞ্জ জেতেন। তাঁর সংগ্রহ ৯৪৩ পয়েন্ট। এর আগে হাংঝৌয়ে অনুষ্ঠিত প্যারা এশিয়ান গেমসেও জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছিলেন হানি। এ বার বিশ্বরেকর্ড গড়ে সেই সাফল্যের পুনরাবৃত্তি করলেন তিনি।
একই দিনে ট্র্যাক ও ফিল্ডে ভারতের এই জোড়া বিশ্বরেকর্ড প্যারা এশিয়াডে দেশের অভিযানকে আরও উজ্জ্বল করে তুলল। সন্দীপের ৪০০ মিটারে সোনা এবং হানির রেকর্ড গড়া জ্যাভলিন থ্রো— দুই সাফল্যে পদক তালিকায় ১০০ পেরিয়ে নতুন মাইলফলক স্পর্শ করল ভারত।
