Published on
:
1 min read
এই সময়: ক্যান্সার অস্ত্রোপচারে রোগী-পরিজনের আর্থিক সমস্যা কিছুটা লাঘবে উদ্যোগী হলো রাজ্য সরকার। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে জটিল ক্যান্সারের আধুনিক অস্ত্রোপচারের অনুমোদিত দর (রেট) বাড়াল স্বাস্থ্য দপ্তর। বুধবার, ১৪ অক্টোবর থেকেই কার্যকর হয়েছে নতুন রেট। এতে সরকারি কর্মী ও পেনশনভোগী এবং তাঁদের পরিবারের সদস্যরা উপকৃত হবেন। হাসপাতালের রুম চার্জ, অ্যানাস্থেশিয়া, অস্ত্রোপচার এবং বিভিন্ন পরীক্ষার খরচের পাশাপাশি চিকিৎসায় ব্যবহৃত ইমপ্লান্টের জন্যেও বাড়তি আর্থিক সুবিধা মিলবে।
স্বাস্থ্য দপ্তরও মানছে, এতদিন আধুনিক পদ্ধতিতে জটিল ক্যান্সার অস্ত্রোপচারে বরাদ্দ যথেষ্ট ছিল না। নতুন সংশোধনে সেই ঘাটতি মেটানোর চেষ্টা হয়েছে। তবে শহরের শ্রেণি অনুযায়ী অনুমোদিত দর আলাদা। প্রথম শ্রেণির শহরের তুলনায় দ্বিতীয় শ্রেণিতে ১০ শতাংশ এবং তৃতীয় শ্রেণিতে ২০ শতাংশ কম দর ধার্য হয়েছে।
সুবিধা মিলবে তালিকাভুক্ত ও এনএবিএইচ স্বীকৃত বেসরকারি হাসপাতালে। টাটা মেডিক্যাল সেন্টার, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এবং এসএসকেএম অবশ্য এই সংশোধিত হারের আওতায় নেই। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় থাকা প্রায় ১১ লক্ষ মানুষ এই নতুন নিয়মে উপকৃত হবেন।
