Published on
:
2 min read
দুর্গাপুজো মানেই বাড়িতে আত্মীয়-স্বজনের আনাগোনা, বন্ধুদের আড্ডা আর অতিথি আপ্যায়ন। তাই উৎসবের দিনে বাড়ির প্রতিটি কোণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা চাই। বসার ঘর থেকে রান্নাঘর, সব কিছুই সাজানো-গোছানো রাখতে হবে। কিন্তু বাথরুমের দিকে কি ততটা নজর দেওয়া সম্ভব?
পুজোর আগে বাথরুম পরিষ্কার করে নিলেন। কিন্তু পুজোর দিনগুলো তা পরিষ্কার করা সম্ভব নয়। পুজোর ব্যস্ততার মাঝে বাথরুম পরিষ্কারের সময়ও থাকে না। কিন্তু বাথরুম পরিষ্কার না থাকলে অতিথিদের সামনে অস্বস্তিতে পড়তে হয়। তাই উৎসবের দিনগুলিতে বাথরুম পরিষ্কার রাখবেন কী ভাবে, রইল ৪ টিপস।
বাথরুমে ছড়িয়ে দিন সুগন্ধ
বাথরুম পরিষ্কার রাখার পাশাপাশি দুর্গন্ধ দূর করাও জরুরি। এর জন্য বাড়িতেই তৈরি করে নিতে পারেন সুগন্ধি স্প্রে। একটি স্প্রে বোতলে পর্যাপ্ত জল নিন। তাতে ৭ ফোঁটা পিপারমিন্ট অয়েল ও ৭ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে নিন। বোতলটি ভালো করে ঝাঁকিয়ে বাথরুমে স্প্রে করুন। পুজোর দিনে সকালবেলা একবার করে এই সুগন্ধি স্প্রে করে দিতে পারেন বাথরুমে।
মেঝেতে জমতে দেবেন না জল
স্নান করার পরে মেঝেতে জল জমে থাকলে তা বাথরুমে স্যাঁতসেঁতে ভাব তৈরি করে। তা ছাড়া এর থেকে মেঝেতে দাগ তৈরি হয়, পা পিছলে পড়ে যাওয়ার আশঙ্কাও থাকে। তাই বাথরুম ব্যবহারের পরে ওয়াইপার দিয়ে জল সরিয়ে দিন। স্নানের পরেই এই কাজ করে ফেলুন। তা হলে আলাদা করে আর বাথরুম পরিষ্কারের দরকার পড়বে না।
আগেই সেরে নিন এই কাজ
বাথরুমের মেঝে ও দেওয়ালে জলের দাগ, সাবানের স্তর-ময়লা জমতে বেশি সময় লাগে না। এই দাগ একবার পুরোনো হয়ে গেলে পরিষ্কার করাও কঠিন। তাই পুজোর আগে ডিপ ক্লিন করে নিন। ভিনিগার দিয়ে বাথরুম পরিষ্কার করে নিন। কলগুলো ভিনিগার দিয়ে মুছে নিন। এতে উৎসবের দিনগুলিতে বেশি নোংরা হওয়ার আশঙ্কাও থাকবে না।
বাথরুম রাখুন সাজানো-গোছানো
বাথরুম পরিষ্কার রাখলেই হয় না, সাজানো-গোছানো থাকলে ব্যবহার করতেও সুবিধা হয়। প্রসাধনীর তাক গুছিয়ে রাখুন। জামাকাপড়, তোয়ালে যেখানে-সেখানে ফেলে রাখবেন না। বিশেষত বাথরুমের মধ্যে জামাকাপড়, তোয়ালে কিংবা পুরোনো শ্যাম্পুর বোতল জমিয়ে রাখবেন না। তার বদলে বাথরুমের এক কোণে ইন্ডোর প্ল্যান্ট এবং সিলিকা জেল রেখে দিন।
FAQ
১. বাথরুমের দুর্গন্ধ দূর করবেন কী ভাবে?
জলে ৭ ফোঁটা পিপারমিন্ট অয়েল ও ৭ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে স্প্রে তৈরি করতে পারেন।
২. বাথরুমের মেঝেতে জল জমতে দেওয়া উচিত নয় কেন?
জল জমলে স্যাঁতসেঁতে ভাব, দাগ এবং পা পিছলে পড়ার আশঙ্কা বাড়ে।
৩. পুজোর আগে বাথরুম পরিষ্কার করবেন কী দিয়ে?
ভিনিগার দিয়ে বাথরুমের মেঝে, দেওয়াল ও কল পরিষ্কার করতে পারেন।
৪. বাথরুম কী ভাবে সাজানো-গোছানো রাখবেন?
প্রসাধনীর তাক গুছিয়ে রাখুন এবং ব্যবহৃত তোয়ালে, জামাকাপড় ও খালি শ্যাম্পুর বোতল সরিয়ে রাখুন।
৫. বাথরুমে সিলিকা জেল রাখার উদ্দেশ্য কী?
সিলিকা জেল বাতাসের আর্দ্রতা শোষণ করতে সাহায্য করে। তবে এটি বাথরুমের অতিরিক্ত আর্দ্রতা নিয়ন্ত্রণের বিকল্প নয়।
