অনলাইন ডেস্ক
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) বেলা ২টায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেবেন তিনি।
সোমবার সকাল সাড়ে ৮টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ইশরাক। পোস্টে তিনি বলেন, প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়ে এবার একজন বিএনপি কর্মী হিসেবে মাদকবিরোধী কার্যক্রমে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন।
ইশরাক তাঁর পোস্টে আরও জানান, পদত্যাগের পর পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনা রয়েছে তাঁর। পোস্টে তিনি লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল!’
এর আগে রোববার সরকার-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাঁকে ডেকে এ নির্দেশ দেন বলে জানা যায়।
গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে ইশরাকের অংশ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনায় বিএনপি ও সরকারের ভেতরেও অস্বস্তি তৈরি হয়।
ঘটনাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে অস্ত্র প্রদর্শনের ঘটনায় আইন লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে অস্ত্র প্রদর্শনের ঘটনায় সমালোচনার জবাবে ইশরাক দাবি করেছিলেন, তিনি মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, পুলিশ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতাদের যৌথ সিদ্ধান্তে ওই কর্মসূচি নেওয়া হয়েছিল।
