এইচ এ শরীফ, বোরহানউদ্দিন।।
বাবা বিদ্যুতায়িত হয়েছেন—তাঁকে বাঁচাতে ছুটে এসেছিলেন দুই ভাই। কিন্তু বাবাকে রক্ষা করতে গিয়ে নিজেরাই চলে গেলেন না-ফেরার দেশে! বৃহস্পতিবার দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের কালিরহাট এলাকায় ঘটে এই হৃদয়বিদারক ঘটনা।
নিহত দুই ভাই হলেন আবদুর রহিম (৪০) ও রাকিব (৩০)। তাঁরা তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়নের বাসিন্দা আলম বক্তারের ছেলে।
গাছ কাটতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে পড়েন তাঁদের বাবা। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন দুই ভাই। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
বাবা বেঁচে গেলেন, কিন্তু হারালেন নিজের দুই সন্তানকে। এক মুহূর্তের দুর্ঘটনায় নিভে গেল দুটি প্রাণ, শোকে স্তব্ধ পরিবার।
বোরহানউদ্দিন অফিসার ইনচার্জ ওসি আশ্রাব আলী জানান, তজুমউদ্দিন উপজেলায় থেকে বোরহানউদ্দিনের কাচিয়ায় আত্মীয়ের বাড়িতে গাছ কাটা কাজ করতে এসে বিদুৎপৃষ্ঠ হয়ে সরহদ দুই ভাইয়ের মৃত্যু হয়। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।