নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম
চট্টগ্রাম- ১০ আসনের এমপি সাঈদ আল নোমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থা নিয়ে খুবই আন্তরিক। শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও এআই প্রযুক্তিতে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে।
শিক্ষা ব্যবস্থা নিয়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ সবাইকে আন্তরিক হতে হবে। একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ছাত্র-ছাত্রীদের প্রস্তুত করতে হবে।
বুধবার ( ১৪ অক্টোবর) চট্টগ্রাম মহানগরীর ঐতিহ্যবাহী প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ইন্দু নন্দন দত্ত।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুচিত্রা চৌধুরী তাঁর বক্তেব্যে এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের উন্নতির জন্য সবার সহযোগিতা কামনা করেন।
এছাড়া আহ্বায়ক সিনিয়র শিক্ষক দীপন কান্তি দাশ সামগ্রিক বিষয় নিয়ে স্বাগতিক বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন এবং পরিচালনা পর্ষদের সদস্য প্রফেসর রীতা দত্ত ও সালাহ্ উদ্দীন মোহাম্মদ রেজা।
প্রতিষ্ঠান প্রাঙ্গণে মনোমুগ্ধকর পরিবেশে প্রবর্তক সংঘের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে জারি গান ও দেশাত্মবোধক গানে দলীয় নৃত্যে অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের সাংস্কৃতিক দল। প্রাক্তন অধ্যক্ষ মনোজ কুমার দেব রচিত এবং সুরে প্রবর্তকের ইতিহাস ও ঐতিহ্যমণ্ডিত বৃন্দ আবৃত্তি পরিবেশন করে শিক্ষার্থীরা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক মুক্তা দত্ত ও সিনিয়র শিক্ষক সীমা রানী দেব। শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে। সমাপনী অনুষ্ঠানে ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতায় বিজয়ীরা প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
চট্টগ্রামনিউজ/ এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
