চট্টগ্রাম নগরীর আটটি কেন্দ্রে আন-নাবিল বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় শুরু হওয়া এ পরীক্ষায় বিভিন্ন মাদরাসার ইবতেদায়ি তৃতীয় শ্রেণি থেকে দাখিল দশম শ্রেণির পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়।
আন-নাবিল শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ আয়োজিত এ পরীক্ষা মহানগরের উত্তর জোনের পাঁচটি এবং দক্ষিণ জোনের তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেন আন-নাবিল বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান অধ্যাপক ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা হামেদ হাসান, মহানগর উত্তর জোনের প্রধান উপদেষ্টা মুমিনুল হক, আহ্বায়ক খুররম মুরাদ, সদস্য সচিব এনামুল হক এবং প্রকল্পের কেন্দ্রীয় উপদেষ্টা তানজীর হোসেন জুয়েল।
আয়োজকেরা জানান, মাদরাসার শিক্ষার্থীদের মেধা যাচাই, বিকাশের সুযোগ তৈরি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণে উৎসাহিত করতে প্রতিবছর এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। নৈতিক মূল্যবোধ ও ইসলামী আদর্শে শিক্ষিত প্রজন্ম গড়ে তোলাও এ উদ্যোগের লক্ষ্য।
কেন্দ্র পরিদর্শনকালে অতিথিরা বলেন, মাদরাসার শিক্ষার্থীদের পিছিয়ে থাকার সুযোগ নেই। প্রকৃত জ্ঞান অর্জনের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের যোগ্য করে তুলতে হবে, যাতে ভবিষ্যতে তারা নেতৃত্ব দিতে পারে।
উত্তর জোনের আহ্বায়ক খুররম মুরাদ বলেন, শিক্ষার্থীদের মেধা শাণিত করতে আন-নাবিল বৃত্তি প্রকল্প কাজ করছে। এ আয়োজন থেকে ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হবে বলে তাঁরা আশা করেন।
পরীক্ষা আয়োজনের সঙ্গে যুক্ত সদস্য, কেন্দ্রপ্রধান, হল পরিদর্শক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি। অভিভাবকেরাও এ ধরনের আয়োজন নিয়মিত চালু রাখার আহ্বান জানান।
The post আন-নাবিলের বৃত্তি পরীক্ষায় অংশ নিল পাঁচ হাজার শিক্ষার্থী appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
