আমার কাগজ প্রতিনিধি
মাগুরা শহরের বাস টার্মিনালের একটি কাউন্টার থেকে যুবদলের এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথার পেছনে একটি ‘গুলির চিহ্ন’ দেখেছেন স্বজনরা।
তবে পুলিশ বলছে, এটি গুলির ক্ষত কি-না, তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
বুধবার ভোর ৬টার দিকে টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার থেকে তার লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
নিহত মো. সাকের হোসেন মাগুরা শহরের পারনান্দুয়ালী বেপারীপাড়া এলাকার প্রয়াত কুতুব উদ্দিনের ছেলে। তিনি পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ছাড়া তিনি রয়েল এক্সপ্রেস কাউন্টারে কাউন্টার মাস্টার হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে রয়েল এক্সপ্রেস কাউন্টারে সাকেরকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে জরুরি বিভাগের চিকিৎসক সাকেরকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক মাইনুল হাসান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার মাথার পেছনে একটি ছিদ্র পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। তার লাশ হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।
সাকেরকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজন ও স্থানীয়দের। সাকেরের বিরুদ্ধে বিগত ১৭ বছরে বিভিন্ন সময়ে ১০টি রাজনৈতিক মামলা ছিল বলে জানা গেছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
The post মাগুরায় বাস কাউন্টারে যুবদল নেতার লাশ, মাথায় ‘গুলির চিহ্ন’ appeared first on দৈনিক আমার কাগজ.
