সাব্বির আহম্মেদ, বিশেষ প্রতিবেদক : ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে প্রথম অভিযানটি পরিচালিত হয়। এ সময় এসআই (নিঃ) মো. রাশেদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ গত ২ জুলাই রাত ৮টা ২০ মিনিটে সাভার মডেল থানার উত্তর কলমা এলাকায় অভিযান চালিয়ে নিয়ামত (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
অপরদিকে, ৩ জুলাই রাত ১টা ৩০ মিনিটে সাভার মডেল থানার জয়নাবাড়ি এলাকায় এসআই (নিঃ) শেখ মফিজুর রহমানের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. মেহেদী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৩ গ্রাম এবং এর আনুমানিক মূল্য ৯ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত নিয়ামতের বিরুদ্ধে পূর্বে তিনটি এবং মো. মেহেদীর বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত দুই আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
