ডেইলি সিলেট ডট কম :: প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৬, ৭:২৫ অপরাহ্ন | ৭:২৫ অপরাহ্ন
| ০
ডেইলি সিলেট ডেস্ক ::
তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি পর্যটকবাহী বাসের সঙ্গে উদ্ধারকারী যানের (টো ট্রাক) ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, রোববার (১১ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টার দিকে মানিসা প্রদেশের আখিসার এলাকায় গেবজে- ওরহাঙ্গাজি- ইজমির মহাসড়কের একটি টোল বুথের কাছে এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।
মানিসার গভর্নরের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার পরপরই দ্রুত উদ্ধারকাজ শুরু হয় এবং আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনায় বাসের চালকও আহত হন। তবে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র পাওয়ার পরপরই পুলিশ তাকে আটক করেছে।
দুর্ঘটনাস্থলের ভয়াবহতা বর্ণনায় জানা যায়, বাসটি উল্টে গিয়ে এর পেছনের অংশ দুমড়েমুচড়ে গেছে। রাস্তার পাশে সারিবদ্ধভাবে রাখা ছিল মরদেহবাহী নীল রঙের বডি ব্যাগ। উল্টে যাওয়া টো ট্রাকটি মূলত কাঠের তক্তা বহন করছিল।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রী মুস্তফা চিফচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছেন যে, নিহতরা সবাই তুরস্কের নাগরিক। তবে হতাহতদের মধ্যে কোনো বিদেশি পর্যটক আছেন কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করে কিছু জানায়নি।
ঘটনাস্থল পরিদর্শন শেষে মানিসার গভর্নর ভাহদেত্তিন ওজকান বলেন, “পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ের তত্ত্বাবধানে পুরো বিষয়টি নিয়ে কাজ চলছে। এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আমাদের আবারও স্মরণ করিয়ে দেয় যে, সড়কে ট্রাফিক নিয়ম মেনে চলা কতটা জরুরি।”
সংবাদটি শেয়ার করুন
- ফেইসবুক
- টুইটার
- গুগল প্লাস
- ইমেইল
সংবাদটি শেয়ার করুন:
